২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিগুম্বুরার নৈপুণ্যের কাছে হেরে গেল বাংলাদেশ

আব্দুর রাজ্জাকের এক ওভারের ৩ উইকেট যা কিনা শুরুতেই দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল জিম্বাবুয়ের। সে অবস্থায় স্কোর ছিল ৩ উইকেটে ৩৯। মাসাকাদজাকে (১০) ফিরিয়ে রুবেল হোসেনও উল্লাসে মাতলে ১৮৭ রানের পুঁজিকেই মনে হচ্ছিল যথেষ্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 09:08 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুর রাজ্জাকের এক ওভারের ৩ উইকেট যা কিনা শুরুতেই দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল জিম্বাবুয়ের। সে অবস্থায় স্কোর ছিল ৩ উইকেটে ৩৯। মাসাকাদজাকে (১০) ফিরিয়ে রুবেল হোসেনও উল্লাসে মাতলে ১৮৭ রানের পুঁজিকেই মনে হচ্ছিল যথেষ্ট। কিন্তু মাৎসিকেনেরি (৪৭*) এবং চিগুম্বুরার (৬০*) ৯৯ রানের ষষ্ঠ উইকেট জুটি আবার ঘুরিয়ে দিয়েছে ম্যাচ। তাদের হাত ধরে ৫ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে জিম্বাবুয়ে। অথচ জিম্বাবুয়ের ইনিংসের শুরুতে মনে হচ্ছিলো বাংলাদেশ বুঝি পুরোদমে ম্যাচে ফিরেছে। ইনিংসের অষ্টম ওভারে বল হাতে পেয়েই ৩ উইকেট তুলে নেন আব্দুর রাজ্জাক। প্রথম ও দ্বিতীয় বলে চিবাবা (২৬) ও টেলরকে এলবিডাব্লুর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলে বাঁ হাতি এই স্পিনার। পরের দু' বল ঠেকিয়ে সেই আনন্দ থেকে বঞ্চিত করলেও ওভারের পঞ্চম বলেই বোল্ড হয়ে যান টাটেন্ডা টাইবু (০)। ৯ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর তখন ৩ উইকেটে ৪১। সেখান থেকে ৪ উইকেটে ৫৪ এবং তারপর ৫ উইকেটে ৯০। ১৮৭ রানের জয়ের লক্ষ্যই তখন এভারেস্ট হয়ে উঠছে! তারপরও শেষ রক্ষা হয়নি। চিগুম্বুরার অলরাউন্ড নৈপুণ্যের কাছেই হেরে গেছে সাকিব আল হাসানের দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এক পর্যায়ে একশ রানের মধ্যে গুটিয়ে যাওয়ার আশঙ্কাও জেগেছিল। মুশফিকুর রহিমের ৫৭ এবং ডলার মাহমুদের ৪১ রানের ইনিংস দুটোর সুবাদে সে আশঙ্কা দূরে ঠেলে শেষ পর্যন্ত অবশ্য ৪৬ দশমিক ৫ ওভারে ১৮৬ রানে অলআউট হয় বাংলাদেশ। স্কোরটা খুব খারাপ মনে হচ্ছে? তাহলে ধরে নিতেই হয় যে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামার পরপরই কাগজে-কলমে ফেবারিট বাংলাদেশের কী দুরবস্থা হয়েছিল সে খবর আপনি জানেনইনা। ১৯ দশমিক ৩ ওভার শেষে স্কোর দঁিড়িয়েছিল ৬ উইকেটে ৬২! সেখান থেকে ১৮৬ পর্যন্ত যাওয়াও কী অনেক পাওয়া নয়? সকালে গ্যালারির দর্শকরা ভালো করে খেলায় মন দেয়ার আগেই এলটন চিগুম্বুরার তোপের মুখে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনো রান ওঠেনি অথচ এরই মাঝে একজনের বিদায় ... ম্যাচের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই জুনায়েদ সিদ্দিকিকে (০) মাতসিকেনেরির ক্যাচ বানান ডানহাতি এই পেসার। পরের ওভারে তামিম ইকবালও (৫) ক্যাচ দিয়ে দেন উইকেটের পেছনে। ২ উইকেটে ৫ থেকে রকিবুলকে নিয়ে দলকে বিপদমুক্ত করার চেষ্টায় নেমেছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু স্কোর ৪১-এ নিয়ে যাওয়ার পর আশরাফুলও (০) একইভাবে ফিরে যান চিগুম্বুরার তৃতীয় শিকার হয়ে। একটু পরে রান আউট হয়ে তাকে অনুসরন করেন রকিবুল (১৬)। ধুঁকতে ধুঁকতে বাংলাদেশের স্কোর তখন ৪ উইকেটে মাত্র ৫৬ হয়েছে। অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে যোগ দিতে উইকেটে এলেন মুশফিকুর রহিম। বিপদ তারপরও বাড়লো। কারণ, ততক্ষণে চিগুম্বুরা থামলেও শুরু হয়ে গেছে চামু চিবাবার তাণ্ডব। সাকিব (১৩) আর মাহমুদুল্লাহ (৪) -- দুজনই তাকে জোড়া সাফল্য উদযাপনের সুযোগ করে দেয়ায় বাংলাদেশ পড়ে যায় একশ রানের মধ্যে গুটিয়ে যাওয়ার আশঙ্কায়। মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেটে ৫৩ রানের জুটি গড়ে সেই লজ্জা থেকে দলকে বাঁচিয়ে যান নাঈম ইসলাম (২০)। জিম্বাবুয়ের বোলার-ফিল্ডাররা বাকি সময়ে আরো তিনবার আনন্দ উদযাপনের সুযোগ পেলেও দর্শকদের মনে থাকবে মুশফিক আর ডলারের ব্যাটিংয়ের কথা। নবম উইকেটে এই দুজন তুলেছেন ৫৪ রান। ৩০ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪১ রান করে ডলার জারভিসকে প্রথম উইকেট উপহার দেয়ায় ভেঙ্গে যায় জুটি। পরে ৭৮ বলে ৫ টি চারের সহায়তায় ৫৭ রান করা মুশফিকও একই বোলারকে সাফল্যের আনন্দে ভাসাতে দেরি করেননি, তাই বাংলাদেশও পারেনি ৫০ ওভার ব্যাট করে জিম্বাবুয়েকে আরো বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২১২২ ঘ.