ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন সভাপতির জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির একাদশ সভা আলাদা গুরুত্ব পাওয়ার কথা। বিসিবি সভাপতি সাংসদ আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এই সভায় পরিচালকদের কাছ থেকে আগের কার্যক্রম বুঝে নেন। কিছু নতুন সিদ্ধান্ত দেন, জেনে নেন ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে - এভাবেই সভার আলোচ্য সূচি তৈরি করা হয়েছিলো। সেভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেয়া হয়েছে সভায়।
প্রায় তিন বছর পর বিসিবি 'অ্যাওয়ার্ড নাইট' ফের (বিসিবির পুরস্কার) চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার কার্যনির্বাহী কমিটির একাদশ সভায় শেষে জানানো হয়, আগামী ২৬ ডিসেম্বর বিসিবির বার্ষিক সভা ও অ্যাওয়ার্ড নাইট'র আয়োজন করা হবে।
প্রথম শ্রেণীর ক্রিকেট দলগুলোকে আর্থিকভাবে স্বনির্ভর করতে একমত হয়েছেন নির্বাহী কমিটির কর্মকর্তারা। সে জন্য স্পন্সর এবং আর্থিক সুবিধা দেয়ার বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। সদস্যরা হলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ, পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু এবং মার্কেটিং বিভাগের প্রধান আজিজ আল কায়সার টিটো।
এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয় বিসিবি নির্বাহী কমিটির সভায়। জিম্বাবুয়ের সঙ্গে একদিনের হোম সিরিজে সাকিব আল হাসানকে অধিনায়ক আর মুশফিকুর রহিমকে সহ-অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়।
জেলা এবং বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রিকেট খেলা চালু করার বিষয়টিও সভায় গুরুত্ব পায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বয়সভিত্তিক দলগুলোর সঙ্গে বোর্ড পরিচালকদের সম্পৃক্ত করার বিষয়টিও অনুমোদন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১১৯ ঘ.
bdnews24