জোহানেসবার্গ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন একদিনের সিরিজের দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়েছেন হার্শেল গিবস ও মাখায়া এনটিনি। তবে নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন অল-রাউন্ডার রায়ান ম্যাকলারেন।
গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষেই দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ একদিনের ম্যাচ খেলেন গিবস। সে ম্যাচে ২২ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে এনটিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ডানহাতি এই ফাস্টবোলার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, এপ্রিলে।
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে দু'টি ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের তিনটির জন্য দল ঘোষণা করা হয়। ইংল্যান্ডের বিপক্ষে দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের জন্যও দল ঘোষণা করা হয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দুটো হবে ৮ ও ১০ ডিসেম্বর। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ১৫ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৪ ডিসেম্বর।
এরপরই শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড চার ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমটি শুরু হবে সেঞ্চুরিয়নে ১৬ ডিসেম্বর আর চতুথ অর্থাৎ শেষ ম্যাচটি জোহানেসবার্গে শুরু হবে ১৪ জানুয়ারি।
দক্ষিণ আফ্রিকার একদিনের দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), হাশিম আমলা, জোহান বোথা, মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, জে পি ডুমিনি, জ্যাক ক্যালিস, চার্ল ল্যাঙ্গেভেলট, রায়ান ম্যাকলারেন, অ্যালবি মরকেল, ওয়েন পারনেল, অ্যালভিরো পিটারসেন, ডেল স্টেইন, লনওয়াবো সটসবে ও রোয়েলফ ভ্যান ডার মারউই।
টোয়েন্টি-টোয়েন্টি দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), ইউসুফ আব্দুল্লাহ, লুটস বসম্যান, জোহান বোথা, মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, জে পি ডুমিনি, জ্যাক ক্যালিস, হেইনো কুন, চার্ল ল্যাঙ্গেভেলট, রায়ান ম্যাকলারেন, অ্যালবি মরকেল, ওয়েন পারনেল, ডেল স্টেইন ও রোয়েলফ ভ্যান ডার মারউই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৮২০ ঘ.
bdnews24