নয়া দিল্লী, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে নিউ সাউথ ওয়েলস। প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়াকে ৭৯ রানে হারিয়েছে দলটি।
দিল্লীর ফিরোজ শাহ কোটলায় বুধবার টস জিতে নিউ সাউথ ওয়েলস ব্যাটিং-এ নেমে ৭ উইকেটে ১৬৯ রান করে। উদ্বোধনী জুটিতে মাত্র ৬ ওভার ৫ বলে ৬২ রান করে ফিলিপ হিউজেস ও ডেভিড ওয়ার্নার ইনিংসের শুভ সুচনা করেন। হিউজেস করেন ২৮ বলে ৩৫ রান। আরো আক্রমণাত্মক ব্যাটিং করে দলের পক্ষে সর্বোচ্চ ২৫ বলে ৪৮ করেন ওয়ার্নার। এছাড়া অধিনায়ক সাইমন ক্যাটিচ করেন ২৬।
ভিক্টোরিয়ার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন ক্লায়েন্ট ম্যাককায়।
জেতার জন্য ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ৯০ রান তুলতেই গুটিয়ে যায় ভিক্টোরিয়ার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড।
নিউ সাউথ ওয়েলসের পক্ষে ১১ রানে তিন উইকেট নেন মইসেস হেনরিক। এছাড়া দু'টি করে উইকেট নেন ব্রেট লি ও নাথান হরিটজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০৮ ঘ.
bdnews24