কলম্বো, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার ফিল্ডিং যে দুর্দান্ত সেকথা মানতেই হবে। তারপরও ফিল্ডিং আরো ভালো করতে সাবেক অলিম্পিক বেসবল খেলোয়াড় গ্যাভিন ফিঙ্গলসনের সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ফিঙ্গলসন বেসবল খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। কাজের ধারা ও প্রকৃতি নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে আলোচনার জন্য অচিরেই তিনি কলম্বো আসবেন।
ফিঙ্গলসন বলেন, "লঙ্কানদের সঙ্গে কাজ করার সময় আমি আমার বেসবল দক্ষতাকে কাজে লাগাবো। বেসবল ও ক্রিকেটে বল ধরা, স্লাইডিং ও থ্রো করা প্রায় একই রকম। তাই ক্রিকেটারদের আমি কিছু প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবো।"
২০১১ সালের বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার ফিল্ডিং আরো দুর্দান্ত করে তোলার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন ফিঙ্গলসন।
বেসবল খেলোয়াড়ের কাছে ক্রিকেটারদের সহায়তা নেয়া এই প্রথম নয়। অস্ট্রেলিয়ার ফিল্ডিং কোচ মাইক ইয়ংও সাবেক বেসবল খেলোয়াড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৮১২ ঘ.
bdnews24