হায়দ্রাবাদ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার ডায়মন্ড ঈগলসকে ২৪ রানে হারিয়ে টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে উঠেছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাটিং করে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করে চার উইকেটে করে ২১৩ রান।
জেতার জন্য ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ঈগলসের ইনিংস থেমে যায় ৫ উইকেটে ১৮৯ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ বলে ৪৪ রান করেন রিলি রসৌ। এছাড়া ডিলন পেরেজ ৩৫ ও অধিনায়ক বোয়েটা ডিপেনার করেন ৩৩।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পক্ষে দু'টি করে উইকেট নেন শেরউইন গঙ্গা ও কিরন পোলার্ড।
এর আগে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর অ্যাড্রিয়ান বারাত মাত্র ৪১ বলে ৬৩ রান করেন। আর ২৫ বলে ৪০ রান করেন লেন্ডল সিমন্স।
ঈগলসের অধিনায়ক ঘুরিয়ে-ফিরিয়ে সাত বোলার ব্যবহার করেন। তাদের মধ্যে একটি করে উইকেট নেন চার বোলার।
লিগ এ-এর তিন ম্যাচের তিনটিতেই জিতেছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। এছাড়া তিন খেলায় চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২০ ঘ.
bdnews24