২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিসের ব্যাপারে নাক গলাবে না সরকার: মন্ত্রী

রাজনীতিকরা ম্যাচ গড়পেটার অভিযোগ তোলায় ক্ষুব্ধ ইউনিস খান পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এখন সেই পদত্যাপত্র তিনি প্রত্যাহার করবেন কিনা, সে ব্যাপারে সরকার গলাবে না বলে জানিয়েছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 12:03 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

লাহোর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজনীতিকরা ম্যাচ গড়পেটার অভিযোগ তোলায় ক্ষুব্ধ ইউনিস খান পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এখন সেই পদত্যাপত্র তিনি প্রত্যাহার করবেন কিনা, সে ব্যাপারে সরকার গলাবে না বলে জানিয়েছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী। চ্যাম্পিয়ন্স ট্রফির দু'টি ম্যাচ গড়াপেটার অভিযোগে জাতীয় পরিষদের স্থায়ী কমিটিতে শুনানির সময় ইউনিস পদত্যাগপত্র জমা দেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো পদত্যাগপত্র গ্রহণ কিংবা প্রত্যাখ্যন করেননি। পিসিবির পৃষ্ঠপোষক ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে রোববার বৈঠকের পর ক্রীড়ামন্ত্রী আফতাব শাহ জিলানি বলেছেন, যে সিদ্ধান্তই নেয়া হোক তার পেছনে যেন যুক্তি থাকে। তিনি বলেন, "পিসিবি-এর কর্মকর্তারা নিজেরাই ইউনিসের ব্যাপারটি চুকিয়ে ফেলতে পারেন। আরেকদিন শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠক শেষে আমি একথা বলেছিলাম।" বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটির প্রধান জামশেদ দাস্তি। বৈঠকে তিনি পিসিবিকে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসার অনুরোধ করেন। ক্রীড়ামন্ত্রী জানান, তবে বৈঠকে ইউনিসের অধিনায়কত্ব নিয়ে কোনো আলোচনা হয়নি। এর আগে স্থায়ী কমিটির প্রধান জামশেদ দাস্তি টেলিভিশনে অভিযোগ করেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলের ইচ্ছা করে হারার তথ্য-প্রমাণ তার কাছে আছে। সে সময় পিসিবিতে পরিবর্তন আনারও আহ্বান জানান তিনি। পাকিস্তান ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন কিছু নয়। এ অভিযোগে সাবেক অধিনায়ক সেলিম মালিককে আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটারকে শাস্তিও দেয়া হয়েছে। এছাড়া ১৯৯৯-এর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর নিজেদের দেশে পাকিস্তানি ক্রিকেটারদের সততা নিয়ে প্রশ্নও উঠেছে অনেকবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৮০২ ঘ.