ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রস টেইলরের মারকুটে ব্যাটিং-এ দিল্লী ডেয়ারডেভিলসকে ৮ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ হারের ফলে টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হলো ডেয়ারডেভিলসকে।
ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাটিং-এ পাঠায় ডেয়ারডেভিলসকে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান করে ডেয়ারডেভিলস।
জেতার জন্য ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ব্যাঙ্গালোর। উদ্বোধনী ব্যাটসম্যান মানিশ পাণ্ডে চোট পেয়ে সাজঘরে ফিরতে বাধ্য হন ইনিংসের দ্বিতীয় ওভারে। কিছুক্ষণ পরই ফিরে যান রবিন উথাপাও।
এরপর রস টেইলর মাঠে নেমেই অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করেন। ১৮ রানে একবার জীবন পেয়ে আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। তবে ঠিক মতো খেলতে পারেননি ডার্ক ন্যানসকে। তার শর্ট পিচ বলে তাকে মোটেও স্বচ্ছন্দ মনে হয়নি।
১০৮ রানের মাথায় ন্যানসের বলে বোল্ড হওয়ার আগে টেইলর ৩৮ বলে ৬৫ রান করেন। রাহুল দ্রাবিড় করেন হার না মানা ৩২। বিরাট কোহলি অপরাজিত ছিলেন ২৪ রানে।
ফলে ২৯ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর।
ডেয়ারডেভিলসের পক্ষে ১৯ রানে ২ উইকেট নেন ডার্ক ন্যানস ।
এর আগে রয়্যাল চ্যলেঞ্জারের অনীল কুম্বলেসহ অন্যান্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ডেয়ারডেভিলসের ইনিংস থেমে যায় ৬ উইকেটে ১৩৮ রানে।
দিল্লীর পক্ষে সর্বোচ্চ ২৯ বলে ৪৭ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। এছাড়া শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান দিলশান করেন ২২ বলে ২০।
রয়্যাল চ্যালেঞ্জারের সবচেয়ে সফল বোলার ছিলেন কুম্বলে। ২০ রানে ৩ উইকেট নেন তিনি।
ম্যান অব দ্য মাচ হন রস টেইলর।
সংক্ষিপ্ত স্কোর:
দিল্লী ডেয়ারডেভিলস: ১৩৮/৬ (শেবাগ ৪৭, দিলশান ২০; কুম্বলে ২০/৩, মারউই ২০/১)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৩৯/২ (টেইলর ৬৫, দ্রাবিড় ৩২*, কোহলি ২৪*; ন্যানস ১৯/২)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৬৩৮ ঘ.
bdnews24