ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগবস প্রিমিয়ার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শনিবার চতুর্থ রাউন্ডের খেলায় জয় পেয়েছে বাংলাদেশ বিমান, ওল্ড ডিওএইচএস ও গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। টানা চার ম্যাচ জিতে প্রথম দল হিসেবে 'বি' গ্র"প থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স।
ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কলাবাগান ক্রীড়া চক্রকে ৩৩ রানে হারায় গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৫ রান করে গাজী ট্যাঙ্ক। নাজিমুদ্দিন ৪৬ (৪১ বল) শাহরিয়ার নাফিস ২৬ (২৯ বল) রান করেন। ২৭ রানে ৩ উইকেট নেন কলাবাগানের নাজমুস সাদাত।
জবাবে ১০২ (১৮.৪ ওভার) রান তুলতেই অল-আউট হয় কলাবাগান ক্রীড়া চক্র। ৪১ বলে ৪০ রান করেন রকিবুল হাসান। ৩.৪ ওভারে ১১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন জাতীয় দলের স্পিনার নাঈম ইসলাম। ২২ রানে তিন উইকেট পেয়েছেন অলক কাপালী।
অন্যদিকে চার ম্যাচ খেলে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস। ধানমন্ডি স্টেডিয়ামে ক্রিকেট কোচিং স্কুলকে ২৪ রানে হারিয়েছে তারা। আগে ব্যাট করে ১৮.৪ ওভারে ৯৭ (১০ উইকেট) রান তুলতে সমর্থ হয় ওল্ডডিওএইচএস। জবাবে ৭৩ (১৭.৫) রানেই অল-আউট হয় ক্রিকেট কোচিং।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ বিমান। ভিক্টোরিয়া স্পোর্টিংকে ৩ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১১০ রান করে ভিক্টোরিয়া। ৩৬ রান করেন এজাজ আহমেদ। জবাবে অভিষেক মিত্র ৩২ ও সানোয়ার হোসেনের অপরাজিত ২৮ রান মিলিয়ে শেষ বলে জয় পেয়ে যায় বিমান। জয়ের জন্য শেষ বলে বিমানের দরকার ছিলো ২ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯০৩ ঘ.
bdnews24