২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ সাউথ ওয়েলসকে হারিয়ে দিল পোলার্ডের টি অ্যান্ড টি

কেইরন পোলার্ডের ১৮ বলে ৫৪ রানের মারকাটারি ইনিংসের সুবাদে শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-টোয়েন্টির দ্বিতীয় পর্বের ম্যাচে নিউ সাউথ ওয়েলসকে ৪ উইকেটে হারিয়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 10:27 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেইরন পোলার্ডের ১৮ বলে ৫৪ রানের মারকাটারি ইনিংসের সুবাদে শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-টোয়েন্টির দ্বিতীয় পর্বের ম্যাচে নিউ সাউথ ওয়েলসকে ৪ উইকেটে হারিয়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নেয় নিউ সাউথ ওয়েলস। উদ্বোধনী ব্যাটসম্যান ফিলিপ হিউজ এবং ডেভিড ওয়ার্নারের দুরন্ত ব্যাটিংয়ে তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করে। হিউজ খেলেন ১১ চার এবং এক ছক্কায় সাজানো ৮৩ রানের দারুণ এক ইনিংস। আর ওয়ার্নার করেন ৬৩ রান। ত্রিনিদাদের বোলাররা কম বেশি মার খেলেও ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন ডোয়াইন ব্রাভো। নিয়ন্ত্রিত বোলিং করেন ডেভ মোহাম্মদও। তিনি ২৬ রানে ১ উইকেট তুলে নেন। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই বিপদে পড়তে থাকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। তাদের উদ্বোধনী দু ব্যাটসম্যানই দলীয় ২৬ রানের মাথায় সাজঘরে ফিরে যান। এর কিছু পর দলীয় ৩০ রানের মাথায় ডোয়াইন ব্রাভো ১ রান করে বিদায় নিলে বেশ বিপদে পড়ে যায় তারা। তবে এরপরই কোমর সোজা করে দাঁড়াতে থাকে টিঅ্যান্ডটি। ড্যারেন গঙ্গা ৩২, ড্যারেন ব্রাভো ২৭ এবং দীনেশ রামদিন ২৩ রান করলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ তিনজনই রানআউট হয়ে সাজঘরে ফিরলে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল টি অ্যান্ড টি। কিন্তু জয় পরাজয়ের সব হিসাব নিকাশ উল্টে দেন কেইরন পোলার্ড। তার ধুম ধাড়াক্কা ব্যাটিং ৯ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে আনে ত্রিনিদাদের জন্য। ১৮.৩ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৭১ রান তুলে নেয়। পোলার্ড খেলেন ৫ চার ৫ ছক্কায় সাজানো ১৮ বলে ৫৪ রানের হার না মানা এক দুর্ধর্ষ ইনিংস। ফলে ম্যাচ সেরার পুরস্কারটিও তার হাতেই ওঠে। সংক্ষিপ্ত স্কোর: নিউ সাউথ ওয়েলস: ১৭০/৪(হিউজ ৮৩, ওয়ার্নার ৬৩; ব্রাভো ৩১/৩) ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো: ১৭১/৬(পোলার্ড ৫৪, গঙ্গা ৩২; বোলিঙ্গার ২২/১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৪১৭ ঘ.