২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কের দায়িত্বে থাকতে পারেন ইউনিসই

ইউনিস খানই পাকিস্তান দলের নেতৃত্ব দিয়ে যাবেন বলে ধারণা করছেন সে দেশের ক্রিকেট কর্মকর্তারা। ইউনিসের পদত্যাগপত্র জমা দেয়ার পর উদ্ভূত পরিস্থিতির ওপর নজর রাখছেন, এমন এক কর্মকর্তা বললেন এই ধারণার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 12:28 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

লাহোর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউনিস খানই পাকিস্তান দলের নেতৃত্ব দিয়ে যাবেন বলে ধারণা করছেন সে দেশের ক্রিকেট কর্মকর্তারা। ইউনিসের পদত্যাগপত্র জমা দেয়ার পর উদ্ভূত পরিস্থিতির ওপর নজর রাখছেন, এমন এক কর্মকর্তা বললেন এই ধারণার কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা ক্রিকইনফোকে বলেন, "পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান ইজাজ বাট ও ইউনিস খানের মধ্যে বৃহস্পতিবার বেশ গঠনমূলক বৈঠক হয়েছে। তাই আমি ধারণা করছি ইউনিস অধিনায়কত্বের দায়িত্ব পালন করে যাবেন।" পিসিবি প্রধান শুক্রবার প্রধান নির্বাচক ইকবাল কাসিম, কোচ ইন্তিখাব আলম, টিম ম্যানেজার ইয়াওয়ার সাঈদ, অ্যাসোসিয়েট ম্যানেজার সাফকাত রানা ও সহ-অধিনায়ক শহীদ আফ্রিদীর সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পদত্যাগপত্র জমাদানকারী অধিনায়ককেও বৈঠক যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি চেয়ারম্যানকে জানান যে, বৈঠকে যোগ দেয়া তার পক্ষে সম্ভব নয়। এ দু'টি বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। পিসিবিও চাইছে না এই মুহূর্তে পুরো তথ্য প্রকাশ করতে। তবে জানিয়েছে, আগামী দু'দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। ধারণা করা হচ্ছে এই ঘোষণা দেয়া হবে সোমবার। স্থানীয় প্রচার মাধ্যমে বলা হয়, ইজাজ বাটের সঙ্গে বৈঠকে ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের নিশ্চয়তা চেয়েছেন ইউনিস। কিন্তু একথা অস্বীকার করেছেন পিসিবি কর্মকর্তা ও ইউনিসের ঘনিষ্ঠরা। নির্বাচক প্যানেলের সদস্য সংখ্যা কমিয়ে আনারও দাবি জানিয়েছেন পদত্যাগপত্র জমাদানকারী অধিনায়ক। ইউনিসের এসব দাবি নিয়েই শুক্রবারের বৈঠকে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ম্যাচ গড়াপেটার অভিযোগে এ সপ্তাহের প্রথম দিকে জাতীয় পরিষদের ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটিতে শুনানির সময় পদত্যাগপত্র জমা দেন ইউনিস। কিন্তু পিসিবি চেয়ারম্যান পদত্যাগপত্র গ্রহণ করেননি। এর আগে স্থায়ী কমিটির প্রধান জামশেদ দাস্তি টেলিভিশনে অভিযোগ করেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলের ইচ্ছা করে হারার তথ্য-প্রমাণ তার কাছে আছে। পিসিবিতে পরিবর্তন আনারও আহ্বান জানান তিনি। পাকিস্তান ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন কিছু নয়। এ অভিযোগে সাবেক অধিনায়ক সেলিম মালিককে আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটারকে শাস্তি দেয়ার নজির রয়েছে। এছাড়া ১৯৯৯-এর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর থেকে নিজেদের দেশে পাকিস্তানি ক্রিকেটারদের সততা নিয়ে প্রশ্ন ওঠার ঘটনাও ঘটেছে অনেকবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১২ ঘ.