ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুরু হলো বিগবস টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট টুনার্মেন্ট। ১২ দলের এই ক্রিকেট টুর্নামেন্টে প্রথম দিনে ছয়টি খেলা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচটির ফলাফল পাওয়া গেছে। জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ বিমান, খেলাঘর কল্যাণ সমিতি, গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ও সূর্যতরুণ।
টুর্নামেন্ট ফেবারিট মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫৩ রানে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। বাংলাদেশ বিমান ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে। খেলাঘর ২৩ রানে জিতেছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ৮৩ রানে ক্রিকেট কোচিং স্কুলকে এবং সূর্যতরুণ ৭ উইকেটে হারিয়েছে ওল্ড ডিওএইচএসকে।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভিক্টোরিয়া অধিনায়ক মোঃ শরীফ ব্যাটিংয়ে পাঠান মোহামেডানকে। দলবদলে অনেক নাটক করে মোহামেডানে নাম লেখানো তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তোলে মোহামেডান। তামিম ১৩ টি চারের সাহায্যে ২৬ বলে ৬০ , শামসুর রহমান ৪৮ বলে ৪২ এবং অধিনায়ক আশরাফুল করেন ২৪ বলে ২৩ রান। আইসিএল ফেরত আফতাব আহমেদ ১৭ বলে ৩০ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন।
১৭৫ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মোহামেডানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভিক্টোরিয়া ৭ উইকেটে ১২১ রানের বেশি তুলতে পারে নি। মোঃ শরীফ টোয়েন্টি টোয়েন্টি মেজাজ বজায় রেখে ২৮ বলে ৪২ রান করেন। কিন্তু তাকে কেউ যোগ্য সহায়তা না দেয়ায় শেষ পর্যন্ত হার মেনেই মাঠ ছাড়ে ভিক্টোরিয়া।
ধানমন্ডি ক্লাব মাঠে বিমানের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ১০৭ রানে অলআউট হয়ে যায় বিকেএসপি। মেহরাব হোসেন জুনিয়রের ৬২ ও ইমরান আহমেদের ২২ রানের সুবাদে ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ বিমান।
পারটেক্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে খেলাঘর। জবাবে ১০৫ রানে অলআউট হয়ে যায় পারটেক্স।
আইসিএল খেলোয়াড়দের ঝলকে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ৮৩ রানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে। টস জিতে ব্যাট করতে নামা গাজী ট্যাঙ্ক নাজিমুদ্দিন ও মিথুনের সেঞ্চুরিতে ২১৫ রানের বিশাল স্কোর গড়ে। নাজিমুদ্দিন ২৮ বলে ৬০ ও মিথুন ২৭ বলে ৫৫ রান করেন। আইসিএল এর প্রথম সেঞ্চুরিয়ান ও গাজী ট্যাঙ্ক অধিনায়ক অলক কাপালি করেন ২০ বলে ৪৮ রান। বিশাল টার্গেট তাড়া করতে নেমে ক্রিকেট কোচিং স্কুল নির্ধারিত ওভারের পুরোটা খেললেও ৮ উইকেট হারিয়ে ১৩২ রানের বেশি তুলতে পারে নি।
ওদিকে সূর্যতরুণের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৯ রান তোলে ওল্ড ডিওএইচএস । পরে ১২.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় যায় সূর্যতরুণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিএ/এসি/২১৩২ ঘ.
bdnews24