ওয়েলিংটন, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইনজুরি সমস্যায় বহুদিন ধরে ভুগছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার জ্যাকব ওরাম। তাই শেষমেশ টেস্ট ক্রিকেটকে বিদায়ই জানিয়ে ফেললেন। তবে খেলবেন একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট। তিনি আশা করছেন শারীরিক ধকল কমিয়ে আনতে পারলে তার ক্রিকেট জীবন আরও লম্বা হবে।
অবসর নেওয়ার কারণ হিসেবে ৩১ বছরের কিউই অলরাউন্ডার বলেন, তিন ধরনের ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ের ধকল তিনি আর সইতে পারছেন না । সেজন্যই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে শারীরিক চাপ কমিয়ে আনতে চাইছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, "ক্রিকেট জীবন লম্বা করার জন্যই এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এতে আমার কাজের চাপও কমে যাবে। আমিও পুরো মনোযোগ দিতে পারব সীমিত ওভারের ক্রিকেটে।"
বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেলে তিনি ছাড়বেন না বলে জানিয়েছেন।
২০০২ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর ৩৩টি টেস্ট খেলেছেন মারকুটে ব্যাটসম্যান ওরাম। ৩৬.৩ গড়ে রান করেছেন ১,৭৮০। এর মধ্যে পাঁচটি শতক ও ৬টি অর্ধশতকও রয়েছে। ৬০টি উইকেটও নিয়েছেন এ মিডিয়াম পেসার।
তিনি একদিনের ম্যাচ খেলেছেন ১৩২টি। খেলেছেন কয়েকটি ২০টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৫৪৯ ঘ.
bdnews24