২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওটাগোকে বিদায় করে দ্বিতীয় রাউন্ডে ব্যাঙ্গালোর

জ্যাক ক্যালিসের অল রাউন্ড পারফরম্যান্সে সোমবার চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ক্লাব ওটাগোকে ৮০ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 08:21 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যাক ক্যালিসের অল রাউন্ড পারফরম্যান্সে সোমবার চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ক্লাব ওটাগোকে ৮০ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ জয়ে ব্যাঙ্গালোর যেমন দ্বিতীয় রাউন্ডে উঠেছে, তেমনি হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ওটাগো। টসে জিতে ব্যাটিং বেছে নেওয়া ব্যাঙ্গালোর ক্যালিসের হার না মানা ৭৩ রানের দুর্দান্ত ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৮৮ রান করে। ব্যাঙ্গালোরের পক্ষে রবিন উথাপ্পা ৪২, বিরাট কোহলি ৩২ এবং রস টেইলরও খেলেন ৩২ রানের হার না মানা ইনিংস। জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ওটাগো। ক্যালিসের পেসে পরাস্ত হয়ে একে একে সাজঘরে পাড়ি জমান উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককুলাম (৫), অ্যারন রেমন্ড (১১) এবং ওয়ান ডাউনে নামা হামিশ রাদারফোর্ড (১৪)। মাত্র ৩২ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর আর তেমনভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি ওটাগোর। বিশেষ করে দলীয় ৪৯ রানের মাথায় নিল ব্র"ম রান আউট হয়ে যাওয়ার পর বাস্তবিকই ভেঙ্গে পড়ে ওটাগো। একের পর এক উইকেট তুলে নিতে থাকেন ব্যাঙ্গালোরের বোলাররা। ফলে ১৭.৫ ওভারেই ওটাগোর ইনিংস গুটিয়ে যায় ১০৮ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রানের ইনিংস আসে অধিনায়ক ক্রেইগ কামিংয়ের ব্যাট থেকে। ব্যাঙ্গালোরের পক্ষে ক্যালিস ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন। অথচ এক সময় তার বোলিং ফিগার ছিল ৩-১-৬-৩। শেষ ওভারে দু দুটো চারের মার খেয়ে একটু খরুচে হন ক্যালিস। কুম্বলে ২০ রানের বিনিময়ে পান ২ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যান অব দ্য ম্যাচ হন জ্যাক ক্যালিস। সংক্ষিপ্ত স্কোর: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৮৮/২(ক্যালিস ৭৩*, উথাপ্পা ৪২; ওয়েগনার ২৭/১) ওটাগো: ১০৮( কামিং ২০, বুরডার ১৬; ক্যালিস ১৮/৩, কুম্বলে ২০/২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৪২২ ঘ.