২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি অ্যান্ড টির কাছে হেরেছে সমারসেট

ডেকান চার্জার্সের বিপক্ষে সমারসেটকে জিতিয়েছিলেন টেলএন্ডাররা। কিন্তু প্রতিদিন কি আর টেলএন্ডাররা জেতাতে পারেন ? টপ অর্ডারের নিদারুণ ব্যর্থতায় তাই দ্বিতীয় ম্যাচে হার মানতেই হলো ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট দলটিকে। ত্রিনিদাদ ও টোবাগোর কাছে হেরে গেল তারা ৪৪ রানে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেকান চার্জার্সের বিপক্ষে সমারসেটকে জিতিয়েছিলেন টেলএন্ডাররা। কিন্তু প্রতিদিন কি আর টেলএন্ডাররা জেতাতে পারেন ? টপ অর্ডারের নিদারুণ ব্যর্থতায় তাই দ্বিতীয় ম্যাচে হার মানতেই হলো ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট দলটিকে। ত্রিনিদাদ ও টোবাগোর কাছে হেরে গেল তারা ৪৪ রানে । ব্যাঙ্গালোরের পি চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল ত্রিনিদাদ ও টোবাগো (টি অ্যান্ড টি)। ওয়েস্ট ইন্ডিসের ঘরোয়া টুয়েন্টি টুয়েন্টি চ্যাম্পিয়ন টিঅ্যান্ডটির শুরুটা হয় দুর্দান্ত। দুই ওপেনার সিমন্স ও পেরকিন্স মেতে ওঠেন ব্যাটিং প্রদর্শনীতে। মাত্র ৪.৫ ওভারে ৪৩ রান তুলে বিচ্ছিন্ন হয় উদ্বোধনী জুটি। তারপর রানের চাকা সচল থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে তাকে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ওঠে ১৫০ রান। অধিনায়ক ড্যারেন গঙ্গা ২৩ ও দিনেশ রামদিন ৩৯ রান করেন। ড্যারেন গঙ্গার ভাই শেরউইন গঙ্গা খেলেন ৮ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস। সমারসেটের পক্ষে চার্ল উইলোবি ও আফোনসো টমাস নেন যথাক্রমে ৩টি ও ২টি করে উইকেট। ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে রবি রামপাল ও ডোয়াইন ব্রাভোর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারে নি জাস্টিন ল্যাঙ্গারের দল সমারসেট। নির্ধারিত ২০ ওভারের শেষ বলে গিয়ে অলআউট হয় তারা ১০৬ রানে। বিরতিহীন উইকেট পতনের মাঝে একা লড়ে গেছেন জ্যান্ডার ডি ব্রাউন। তবে তার ম্যাচ সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ব্রাভো ৪টি এবং শেরউইন গঙ্গা ও ডেভ মোহাম্মদ পেয়েছেন ২টি করে উইকেট। অলরাউন্ড পারফরমেন্সের জন্য শেরউইন গঙ্গা পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২১৩৫ ঘ.