নয়া দিল্লী, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার ওয়েয়াম্বাকে ৫০ রানে হারিয়ে দিল্লী ডেয়ারডেভিলস টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বে খেলার আশা জিইয়ে রেখেছে।
দিল্লীর ফিরোজ শাহ কোটলায় রোববার টস জিতে দিল্লী ডেয়ারডেভিলস অধিনায়ক ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভির ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন। অত্যন্ত আক্রমণাত্মক ব্যাট করে পাঁচ উইকেটে ১৭০ রান তোলেন তার দলের ব্যাটসম্যানরা।
জয়ের জন্য ১৭১ রান তাড়া করতে নেমে ওয়েয়াম্বার ইনিংস থেমে যায় ৭ উইকেটে ১২০ রানে । ফলে ৫০ রানে হার মানতে হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ বলে ৫৩ রান করেন শ্রীলঙ্কা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। পাঁচটি চার ও দু'টি ছক্কা দিয়ে তিনি তার ইনিংসটি সাজান।
ডেয়ারডেভিলসের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন অস্ট্রেলিয়ার পক্ষে একটি ওয়ানডে খেলা ডার্ক ন্যান্স। চার ওভারে রান খরচ করেন ২৪। চার ওভার বল করে ২০ রানে দুই উইকেট নেন সাবেক অসি পেসার গ্লেন ম্যাকগ্রা।
এর আগে ব্যটিং-এ নেমেই ডেয়ারডেভিলসের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ওয়েয়াম্বার বোলারদের ওপর চড়াও হন। ৪২ বল খেলে দুর্ভাগ্যজনক রান আউট হওয়ার আগে করেন ৬৬। দশটি চার ও একটি ছক্কা মারেন তিনি। এছাড়া ৪১ বলে ৬১ রান করেন ভারতীয় উইকেটরক্ষক দিনেশ কার্তিক।
ওয়েয়াম্বার বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট খেলা চানাকা ওয়েলেগেদারা ও স্পিনার অজন্তা মেন্ডিস।
এই জয়ের ফলে দিল্লী ডেয়ারডেভিলস দুই খেলায় দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্বে খেলার আশা জিইয়ে রাখলো। খেলা বাকি রয়েছে গ্র"পের অপর দুই দল ভিক্টোরিয়া ও ওয়েয়াম্বার। এক খেলায় ২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভিক্টোরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২১ ঘ.
bdnews24