২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকেই এগিয়ে রাখছেন নান্নু

স্লিপে ফিল্ডার সাজিয়ে অনুশীলন করছিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। কভার পয়েন্ট ও মিড অফে ছিল আরো কয়েকজন। দৃশ্যটা দেখার পর ইংলিশ কোচ মাইক নিউওয়েল-এর প্রশংসা না করে পারলেন না বিসিবির কোচ নাজমুল আবেদিন ফাহিম। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও একই মাঠে (মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম) ফিল্ডিং অনুশীলন করেছে। অথচ তখন নজর কাড়ার মতো কোন কিছুই চোখে পড়েনি। এ থেকে দুই দলের পার্থক্য বুঝে নিতে কারোই অসুবিধা হওয়ার কথা নয়। তারপরও দেশের মাটিতে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন স্বাগতিক দলের প্রধান কোচ মিনহাজুল আবেদিন নান্নু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্লিপে ফিল্ডার সাজিয়ে অনুশীলন করছিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। কভার পয়েন্ট ও মিড অফে ছিল আরো কয়েকজন। দৃশ্যটা দেখার পর ইংলিশ কোচ মাইক নিউওয়েল-এর প্রশংসা না করে পারলেন না বিসিবির কোচ নাজমুল আবেদিন ফাহিম। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও একই মাঠে (মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম) ফিল্ডিং অনুশীলন করেছে। অথচ তখন নজর কাড়ার মতো কোন কিছুই চোখে পড়েনি। এ থেকে দুই দলের পার্থক্য বুঝে নিতে কারোই অসুবিধা হওয়ার কথা নয়। তারপরও দেশের মাটিতে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন স্বাগতিক দলের প্রধান কোচ মিনহাজুল আবেদিন নান্নু। এক সংবাদ সম্মেলনে নান্নু তার বক্তব্যের পক্ষে যুক্তিও তুলে ধরেন, "একদিনের ক্রিকেটে বরাবরই ভাল খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ডের মাটিতেও আমরা ওয়ানডে সিরিজ জিতেছি। এবার দেশের মাটিতে জিততে চাই।" শুধু একদিনের ক্রিকেটই নয়, চারদিনের একমাত্র ম্যাচও জিততে চান নান্নু, অন্তত শেষদিন পর্যন্ত খেলতে চান। যদিও বড় দৈর্ঘ্যরে ক্রিকেটে ইংল্যান্ড দলের সঙ্গে পেরে ওঠা মোটেই সহজ নয়। কোচ নান্নুও মানছেন চারদিনের ক্রিকেটে বরাবরই ভাল খেলে ইংল্যান্ড। অধিনায়ক মাহমুদুল হাসান মিলন বোলিং আর ফিল্ডিং-এ ইংলিশদের চেয়ে এগিয়ে রাখছেন নিজেদেরই। শুধু ব্যাটিং-এ যা একটু পিছিয়ে আছে বাংলাদেশ দল। সব মিলে হোম সিরিজে অপরাজিত থাকতে চায় স্বাগতিকরা। তা সম্ভব হলে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালই হবে অনূর্ধ্ব-১৯ দলের। আগামী বছর ৯ জানুয়ারি নিউজিল্যান্ডে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজটাকে তারই প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। সফরকারী ইংল্যান্ড দলও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে সিরিজটিকে। সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক আজিম রফিক বলেন, "দেশের মাটিতে বাংলাদেশের কাছে আমরা একদিনের সিরিজ হেরেছি। এবার জিততে চাই। এটা আমাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতি।" বাংলাদেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই সিরিজ শুরুর আটদিন আগে ঢাকা এসেছে ইংল্যান্ড দল। দু'দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ রয়েছে তাদের। এই ম্যাচটি দলের প্রস্তুতিতে সহায়ক হবে বলে মনে করেন ইংল্যান্ড ম্যানেজার জন আব্রাহাম, "আমি মনে করি প্রস্তুতি ম্যাচেই ক্রিকেটাররা বুঝে যাবেন বাংলাদেশের কন্ডিশনে কিভাবে খেলতে হবে।" রোববার শুরু হবে এই প্রস্তুতি ম্যাচ। কাউন্টি খেলা ছয় ক্রিকেটার নিয়ে গড়া হয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। আর আন্তর্জাতিক ক্রিকেটে দু'-একটি সিরিজ ছাড়া অনেকদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২১৬ ঘ.