কক্সবাজার, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ঃ সবাই উৎসব- আনন্দ নিয়েই খেলতে এসেছিলেন। কিন্তু কক্সবাজারে গ্রামীণফোন-ওয়েকা বিচ ক্রিকেটের প্রথম আসরে উৎসবের আনন্দ অনেকটাই মাটি করে দিয়েছে বৃষ্টি। ফাইনালে জুসেফাইডকে ৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইস্পাহানি রেনিগেডস।
সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে ২০ গজের পিচ আর ৪০ গজের বাউন্ডারিতে ৫ ওভারের সিক্স-এ-সাইড ম্যাচের এই আয়োজনে ১৪টি দল ৪টি গ্র"পে ভাগ হয়ে লীগ পদ্ধতিতে খেলে, সেমিফাইনালে উঠে আসে চারটি দল জুসেফাইড, গ্লাডিয়ার্স, রেনিগেডস ও র্যাম্বলার্স।
প্রথম সেমিফাইনালে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয়, সাবেক তারকা ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও নিয়ামুর রশিদ রাহুলের দল জুসেফাইড (৫ ওভারে ৮৫/০) ৫ উইকেটে আরেক সাবেক ক্রিকেটার ইকবালের গ্লাডিয়ার্সকে (৫ ওভারে ৮৩/৩) এবং দ্বিতীয় সেমিফাইনালে সাবেক জাতীয় ক্রিকেটার শফিউদ্দিন বাবু ও সেজান মাহমুদের দল ইস্পাহানি রেনিগেডস (৫ ওভারে ৯৪/২) ২০ রানে সাবেক জাতীয় অধিনায়ক ফারুক আহমদ ও তারকা ক্রিকেটার ইমরান হামিদ পার্থ-র দল র্যাম্বলার্স স্পোর্টিং ক্লাবকে (৫ ওভারে ৭৪/২) হারিয়ে ফাইনালে উঠে আসে।
বৃষ্টির মধ্যেই শুরু হয় ফাইনাল। বৃষ্টির কারণে ফাইনাল নামিয়ে আনা হয় ৪ ওভারে। টস জিতে রেনিগেডসকে ব্যাট করতে পাঠায় জুসেফাইড। এক সময়ের তারকা ব্যাটসম্যান সেজানের এই দলটি প্রথম ৩ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে তুলে নেয় ৪৪ রান। কিন্তু চতুর্থ ওভারেই বিপদে পড়ে যায় তারা। নাঈমুর রহমান দূর্জয় এসে তার প্রথম বলেই উইকেট পেয়ে যান। ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়ে যান শফিউদ্দিন বাবু, তৃতীয় বলে বোল্ড হয়ে যান রাশেদ। চতুর্থ বলটি ডট হলেও পঞ্চম বলে এক রান আর শেষ বলে ছক্কা হওয়ায় রেনিগেডসের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৫১ রান।
৫২ রান তাড়া করতে নেমে দ্রুতই ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান তুলে নেয় জুসেফাইড। শেষ ওভারে বল করতে আসেন ববি। ওভারের প্রথম ৫টি বলে দু'টি রান আউট আর দু'টি ক্যাচ আউট জুসেফাইডের জয়কে অসম্ভব করে তোলে। শেষ বলে মাত্র এক রান যোগ হওয়ায় তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৪২ রান।
চ্যাম্পিয়ন ক্লাবটির প্রতিষ্টাতা সোহেল হামিদ ববি জানান, আনন্দের জন্যই এই ক্রিকেট। ছুটির দিনগুলোকে আনন্দময় করে তুলতেই তিনি ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন। এই 'ফান-ক্রিকেট'-এ তারা আনন্দ করতেই এসেছেন। জিতে তারা আরও বেশি আনন্দিত।
সকালে বিচ ক্রিকেটের এই আয়োজনটি উদ্বোধন করেন বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইলট। ধারাভাষ্য দিতে আসা আরেক সাবেক অধিনায়ক রকিবুল হাসান ও সাবেক ব্যাটসম্যান আতাহার আলী খানও ছিলেন তাদের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসি/২১৫০ ঘ.
bdnews24