২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছেন গিলক্রিস্ট

অ্যাডাম গিলক্রিস্ট আবার ক্রিকেটে ফিরছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, সর্বকালের অন্যতম সেরা এই অস্ট্রেলীয় উইকেটরক্ষককে আবার দেখা যাবে একটি প্রদর্শনী টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 12:40 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাডাম গিলক্রিস্ট আবার ক্রিকেটে ফিরছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, সর্বকালের অন্যতম সেরা এই অস্ট্রেলীয় উইকেটরক্ষককে আবার দেখা যাবে একটি প্রদর্শনী টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে। সাবেক সতীর্থদের নিয়ে গড়া জনি ওয়াকার এসিএ অলস্টার দলে নাম লিখিয়েছেন গিলক্রিস্ট। ২২ নভেম্বর গ্যাবায় অনুষ্ঠেয় ওই টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে গিলক্রিস্টরা অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি হবে। গিলক্রিস্ট ছাড়াও অলস্টার দলে আছেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং ম্যাথু হেইডেনের মতো দুনিয়া কাঁপানো ক্রিকেটার। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো গিলক্রিস্ট অবশ্য এখনও আইপিএলে ডেকান চার্জার্সের হয়ে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যাচ্ছেন। তাই আগামী নভেম্বরে অনুষ্ঠেয় তিনটি প্রদর্শনী টোয়েন্টি টোয়েন্টি ম্যাচেও জনি ওয়াকার একাদশের হয়ে খেলবেন বলেও জানিয়েছেন তিনি। গিলক্রিস্ট বলেন,"আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বড় দিক ছিল শেন ওয়ার্ন এবং গ্লেন ম্যাকগ্রার সঙ্গে সেঁটে থাকা। সেই সুযোগটি যখন আবারও আসছে, তখন তা হাতছাড়া করব কেন?" "এখন আমাকে আমার পুরনো সতীর্থদের বিপক্ষে খেলতে হয়। তাই তাদের সঙ্গে আবারও একই দলে খেলার জন্য আমি দিন গুনে যাচ্ছি, বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে খেলাটি হবে বলে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮৪০ ঘ.