ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে গ্রামীণফোন। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭৮ হাজার মার্কিন ডলারের বিনিময়ে এ স্বত্ব পেয়েছে তারা।
টাইটেল স্পন্সরের নূন্যতম মূল্য ৬০ হাজার মার্কিন ডলার নির্ধারণ করে দরপত্র আহবান করেছিল বিসিবি। দু'টি প্রতিষ্ঠান এক্সিউম টেকনোলজিস ও গ্রামীণফোন টেন্ডারে অংশ নেয়। এক্সিউম টেকনোলজিস বিসিবির বেঁধে দেয়া নূন্যতম মূল্য দিতে রাজি হলেও গ্রামীণফোন দরপত্রে তার চেয়ে তিন হাজার তিনশ ডলার বেশি দেয়ার অঙ্গীকার করে। পরে গ্রামীণ ফোনের সঙ্গে সমঝোতার মাধ্যমে আরো ১৫ হাজার মার্কিন ডলার বাড়িয়ে নেয় বিসিবির বিপণন বিভাগ।
টাইটেল স্পন্সর হিসেবে ম্যাচ এবং সিরিজ সেরার পুরস্কারও দেবে গ্রমীণফোন। পাঁচ ম্যাচ সিরিজে পুরস্কারের অর্থ হিসেবে দেবে মোট ১৪ হাজার ডলার। এর মধ্য ৭ হাজার ডলার খরচ হবে ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরস্কার হিসেবে, বাকি সাত হাজার জমা হবে বিসিবির কোষাগারে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রায় ৮১ হাজার ২০০ মার্কিন ডলারের বিনিময়ে বিজ্ঞাপন প্যাকেজের স্বত্ব কিনেছে এক্সিউম টেকনোলজিস। স্টেডিয়ামের ভেতরে বিজ্ঞাপনের প্রথম প্যাকেজের নূন্যতম মূল্য ছিল ৪৫ হাজার মার্কিন ডলার। দ্বিতীয়টির মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩৫ হাজার ডলার।
বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৭ অক্টোবর থেকে। প্রথম তিন ম্যাচ হবে (২৭, ২৯ ও ৩১ অক্টোবর) ঢাকায়, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ম্যাচ দু'টি হবে (৩ ও ৫ নভেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির মার্কেটিং বিভাগের প্রধান আজিজ আল কায়সার টিটো, মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, গ্রামীণফোনের মার্কেটিং কমিউনিকেশন্স বিভাগের প্রধান কাজী মনিরুল কবির ও মার্কেট কমিউনিকেশন্স বিভাগের ডেপুটি ম্যানেজার মইনুল হক চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৮৫৪ ঘ.
bdnews24