২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনেও পেস বোলারদের আক্ষেপ

ঢাকা লিগে এ মৌসুমে পেসার রুবেল হোসেন ওল্ডডিওএইচএস থেকে পাচ্ছেন চার লাখ টাকা। অন্যদিকে আবাহনী মাশরাফিকে দেয়া হচ্ছে ২০ লাখ টাকা। দু'জনই পেস বোলার। জাতীয় দলের একাদশেও থাকেন দু'জনই। শুধু মাশরাফি প্রতিষ্ঠিত ক্রিকেটার আর রুবেল হোসেনের এখনো তেমন নামডাক হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা লিগে এ মৌসুমে পেসার রুবেল হোসেন ওল্ডডিওএইচএস থেকে পাচ্ছেন চার লাখ টাকা। অন্যদিকে আবাহনী মাশরাফিকে দেয়া হচ্ছে ২০ লাখ টাকা। দু'জনই পেস বোলার। জাতীয় দলের একাদশেও থাকেন দু'জনই। শুধু মাশরাফি প্রতিষ্ঠিত ক্রিকেটার আর রুবেল হোসেনের এখনো তেমন নামডাক হয়নি। তারপরও জাতীয় দলের ক্রিকেটার হিসেবে রুবেলর আক্ষেপ হতেই পারে। কষ্ট যে পাচ্ছেন না কিন্তু নয়। দলবদলের শেষ দিন ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটির সভা কক্ষে নাম নিবন্ধন করতে এসে জড়সরোই থেকেছেন রুবেল হোসেন। অনেক জোরাজুরির পর পারিশ্রমিকের অংকটা বলার পর ক্ষণিকের জন্য বাকরুদ্ধও হয়ে যান। লজ্জা পাবারই কথা। অনেক সাধারণ মানের ক্রিকেটারও তার চেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে ঢাকা লিগে খেলছেন এবার। এ সম্পর্কে রুবেল তার প্রতিক্রিয়া জানালেন এভাবে,"ঢাকা লিগে সবাই অল-রাউন্ডার খোঁজে পেসারদের কোনো মূল্য নেই। সবার শেষে আমাদের ডাক পড়ে। পুল প্রথার কারণেই আমাদের এই অবস্থা। পুল প্রথা শিথিল করতে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের কাছে আমরা অনুরোধও করেছিলাম। কাজ হয়নি। এখন মেনে নিতে হচ্ছে।" রুবেল আরো বলেন,"এবার অল্পপারিশ্রমি নিয়ে খেললেও পরের বছর দলবদলের অনেক আগেই পুল প্রথার বিরুদ্ধে সোচ্চার হব" জাতীয় দলের অনেক পেসারেরই রুবেলের মতো অবস্থা। অথচ ব্যাটসম্যানদের দলে ভেড়াতে কাড়াকাড়ি হয়েছে দলবদলের অনেক আগে থেকেই। এক মৌসুম নিষিদ্ধ থেকে ঢাকা লিগে ফিরে সম্মানিটা ভালোই পাচ্ছেন আইসিএল ফেরত ক্রিকেটাররা। শাহরিয়ার নাফিস, অলক কাপালি, নাজিমুদ্দিন চৌধুরী ও অল-রাউন্ডার ফরহাদ রেজা গাজী ট্যাংকে যোগ দিয়েছেন সম্মানের সঙ্গেই। বৃহস্পতিবার, শেষ দিনেই দলবদল সেরেছেন তারা। আইসিএল ফেরত এই চার ক্রিকেটারেরই লক্ষ্য ঢাকা লিগে নিজের সেরাটা খেলা। শাহরিয়ার নাফিস বলেন,"ঘরোয়া ক্রিকেটে খেলতে পারছি এর আনন্দই অন্যরকম। লিগে পারফর্ম করেই জাতীয় দলে ফিরতে চাই।" নির্বাচকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেই আইসিএলে যোগ দিয়েছিলেন জাতীয় দলের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। সেই নির্বাচক কমিটি এখনো বহাল। তবে তাদের বিরুদ্ধে আর কোনো অভিমান বা অভিযোগ নেই শাহরিয়ার নাফিসের। ফের নির্বাচকদের রোষানলে পড়তে পারেন, এমনটা ভাবতেই চান না শাহরিয়ার। তার মতে,"যে বিষয়গুলো আমার হাতে থাকবে না তা নিয়ে ভাবতে চাই না। আমার কাজ ভালো খেলা, মূল্যায়নের দায়িত্ব নির্বাচকদের।" পুলের তিন ক্রিকেটার আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম ও নাজমুল হোসেনকে দলে নিলেও অলক কাপালিকেই অধিনায়ক করেছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। সহ-অধিনায়ক হয়েছেন আইসিএলের আরেক ক্রিকেটার নাজিমুদ্দিন চৌধুরী। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ দলই গড়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। এই দল নিয়ে শিরোপা জেতা অসম্ভব কিছু নয় বলে মনে করেন অলক কাপালি, বললেন,"খুবই ভালো দল হয়েছে। আমার বিশ্বাস প্রত্যেকে নিজের সেরাটা খেললে চ্যাম্পিন হতে পারবো।" এই মুহূর্তে দল আর নিজের ফর্ম নিয়েই ভাবছেন গাজী ট্যাংক ক্রিকেটার্সের অধিনায়ক। তার মতে,"ঢাকা লিগে ভালো করলে জাতীয় দল এবং আইপিএল সব খানেই সুযোগ হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২১১০ ঘ.