জোহানেসবার্গ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বুধবার শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। কিন্তু তার আগেই তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার পথ রুদ্ধ করে দেয় অস্ট্রেলিয়া, এ' গ্র"পের শেষ ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে।
তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের শেষ ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়। টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়া ভারতীয় দলের পেসারদের বোলিং তোপে ১২৯ রানেই অলআউট হয়ে যায় দুর্বল ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেন ড্যারেল সামি। ২২ রান করেন বার্নার্ড এবং ২১ রান করেন ডেভন স্মিথ।
ভারতীয় পেসার প্রবীণ কুমার ২২ রানে ৩টি এবং আশিষ নেহরা ৩১ রানে ৩ উইকেট তুলে নেন।
জবাব দিতে নেমে ভারত ৩২.১ ওভার খেলে ১৩০ রান তুলে ৩ উইকেট হারিয়ে। দলের পক্ষে বিরাট কোহলি ৭৯ রানের হার না মানা ইনিংস খেলেন। দীনেশ কার্তিক করেন ৩৪ রান।
ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলেনে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ভারতীয় দল যে টুর্নামেন্টে বেশ কিছু ভুল করেছে, তা স্বীকার করে নিয়েছেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ধোনি বলেন," এই টুর্নামেন্টে আমরা কিছু ভুল করেছি। আমাদের বোলাররা ব্যাটসম্যানদের প্রচুর জায়গা দিয়েছে। ফিল্ডিংয়েও আমরা আরও বেশি উদ্যমী হতে পারতাম।"
"আমাদের কিছু ক্ষেত্রে আরও কাজ করা প্রয়োজন। আশা করছি আবার খেলতে নামার আগে আমরা এ ব্যাপারগুলো শুধরে নেওয়ার সময় পাব।"
শুধু তাই নয়, ধোনি এও মনে করেন যে দলের ব্যর্থতার পেছনে ভালো অলরাউন্ডার না থাকাও একটা বড় কারণ। এমন অলরাউন্ডার, যারা ব্যাটিংয়ের পাশাপাশি দ্রুতগতির বোলারও।
ধোনি বলেন,"অস্ট্রেলিয়ার শক্তিশালী দল হওয়ার পেছনে একটাই কারণ। আর সেটা হলো তাদের বোলাররা। যেমন মিচেল জনসন, ব্রেট লি। যারা আবার ব্যাটও করতে পারেন।"
"আমাদের উচিত একজন পেসার খুঁজে বের করা, যিনি ব্যাটও করতে পারবেন। আপনাকে যদি ছয়জন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে খেলতে হয়, তবে আপনি বিপদে পড়তেই পারেন। বিশেষ করে যখন আপনাকে লক্ষ্য তাড়া করতে হয় এবং আপনি আগেভাগেই উইকেট খুঁইয়ে ফেলেন।"
ধোনি বলেন,"এই টুর্নামেন্টে আমরা পাঁচজন স্পেশালিস্ট বোলার খেলাতে বাধ্য হয়েছি। যাদের কেউই ভালো ব্যাটসম্যান নন।"
যাই হোক, নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালেও গ্র"প এ'র পয়েন্ট টেবিলে ভারতকে তিন নম্বরেই থেকে যেতে হয়। অথচ তারা টুর্নামেন্ট শুরুই করেছিল ফেবারিটের তকমা পরে।
প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫৪ রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় ভারতকে।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: (৩৬ ওভার) ১২৯(সামি ২৩, বার্নার্ড ২২, স্মিথ ২১, কুমার ২২/৩, নেহরা ৩১/৩)
ভারত: (৩২.১ ওভার) ১৩০/৩(কোহলি ৭৯*, কার্তিক ৩৪; টঙ্গে ৩৬/১, রোচ ২৭/১)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৪২০ ঘ.
bdnews24