ডাম্বুলা, ২৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বয়স ৪০-এর কাছাকাছি। অথচ এখনো সনাৎ জয়াসুরিয়ার ব্যাটে যেন তারুণ্যের উদ্দামতা। বুধবার ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আরো একবার তার প্রমাণ দিলেন তিনি। তবে সেঞ্চুরি করলেও দলকে জয় এনে দিতে পারেননি জয়াসুরিয়া। শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ২৪৮ রানের টাগের্টে সহজেই পৌঁছেছে ভারত। ১১ বল হাতে রেখে ৬ উইকেটে পাওয়া সহজ জয়ের সুবাদে ৫ ম্যাচ সিরিজে মহেন্দ্র ধোনির দল এখন ১-০ তে এগিয়ে।
রঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইনিংসের চতুর্থ ওভারেই থিলান তুশারা ওয়ানডের সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারকে (৫) এলবিডব্লু করলেও তা ভারতকে বিপদে ফেলতে পারেনি। কারণ গৌতম গম্ভীর ও সুরেশ রায়নার দায়িত্বশীল ব্যাটিং। দ্বিতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়ে দলের সহজ জয়ের ভিত গড়ে দিয়েছেন দুজনে। দুজনেই ফিফটি করেছেন। ৬২ রান করা গম্ভীর মুত্তিয়া মুরালিধরনের শিকার, আর ৫৪ রান করে রায়না রান আউট।
এ দুজনের বিদায়ের পর 'টিম ইন্ডিয়া'র হাল ধরেছেন ধোনি। যুবরাজ সিংয়ের (২৩) সঙ্গে ৪৪ ও রোহিত শর্মাকে (২৫*) নিয়ে অবিচ্ছিন্ন ৬৬ রানের দুটো কার্যকর জুটি গড়া ভারত অধিনায়ক জয় নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তায় পড়তে দেননি দলকে। শেষ পর্যন্ত ধোনি অপরাজিত ছিলেন ৬১ রানে। এই ম্যাচে ৩ উইকেট পেলেই ওয়াসিম আকরামকে পেছনে ফেলে ওয়ানডের সর্বোচ্চ উইকেটের মালিক হতে পারতেন 'মুরালি'। কিন্তু মাত্র এক উইকেট পাওয়ায় প্রতীক্ষাটা আরেকটু দীর্ঘ হলো বিশ্বসেরা অফস্পিনারের।
সকালে ম্যাচ শুরু হওয়ার আগেই একটা দুঃসংবাদ পেয়েছে ভারত। পিঠের চোটের কারণে বীরেন্দর শেবাগকে প্রথম একাদশে রাখতে পারেনি তারা। তবে এই দুঃসংবাদজনিত দুঃখ কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির টস জয়। টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের তৃতীয় বলেই সদ্য পাকিস্তান সফরে দুর্দান্ত খেলা তিলকরতে
bdnews24