২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে বাংলাদেশ

প্রথমে প্রশ্নটা এড়িয়েই যেতে চাইলেন রকিবুল হাসান। অবশ্য তার ব্যক্তিগত মত দিতে আপত্তি করলেন না, "আমার ব্যক্তিগত মত বোলিং নিলে ভালো হত।" জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়কের আগে ব্যাট করতে নামার প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের রেশ থাকলো সিরিজে ফেরার দিনেও। মোহাম্মদ আশরাফুলও স্বপ্রণোদিত হয়েই বলে ফেললেন, "প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করাটা ভুল সিদ্ধান্তই ছিল।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, ২১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথমে প্রশ্নটা এড়িয়েই যেতে চাইলেন রকিবুল হাসান। অবশ্য তার ব্যক্তিগত মত দিতে আপত্তি করলেন না, "আমার ব্যক্তিগত মত বোলিং নিলে ভালো হত।" জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়কের আগে ব্যাট করতে নামার প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের রেশ থাকলো সিরিজে ফেরার দিনেও। মোহাম্মদ আশরাফুলও স্বপ্রণোদিত হয়েই বলে ফেললেন, "প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করাটা ভুল সিদ্ধান্তই ছিল।" সেই ভুল সিদ্ধান্তের বলিই শুধু হয়নি বাংলাদেশ। ব্যাটসম্যানদেরও ব্যাপক ভূমিকা ছিল তাতে। অধিনায়ক সেটাও স্বীকার করতে দ্বিধা করলেন না, "সেদিন যে লক্ষ্য নিয়ে ব্যাটসম্যানদের খেলা উচিত ছিল, সেভাবে আমরা কেউই খেলিনি।" দুয়েমিলে ২ উইকেটের হার দিয়ে সিরিজ শুরুর পর প্রবল সমালোচনার মুখে পড়া বাংলাদেশ দলের ভেতরের অবস্থাটা কেমন ছিল? উত্তরটা দিচ্ছেন অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের তীরে পৌছে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া রকিবুলই, "সত্যি কথা বলতে কী, ক্রিকেটে খারাপ দিন যায়। আর প্রথম ম্যাচের হারকে আমরা ইতিবাচকভাবেই নিয়েছিলাম। তবে হ্যাঁ, পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর জেদও কাজ করছিল সবার মধ্যে।" অবশ্য এই জয়ে আনন্দের চেয়ে স্বস্তিই বেশি পাচ্ছেন আশরাফুল। তার ভাষায়, "জয়টা আরো সহজ হলে ভালো হত। মানে সাত-আট উইকেটে জিতলে...। তবুও আমি বলবো, এটা দারুণ এক জয়। এবং একইসঙ্গে ভীষণ স্বস্তিদায়ক। বিশেষ করে পরপর দুই ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারের পর।" প্রথম ম্যাচে টস জিতে নেওয়া সিদ্ধান্তটা তার একারই ছিল কিনা, এই নিয়ে একের পর এক প্রশ্নে জর্জরিত হতে হয়েছে তাকে। এবার তাই অধিনায়ক শুরুতেই জানিয়ে রাখলেন, "আজ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি।" যদিও এই উইকেটে আগের ম্যাচের মতো ভুল সিদ্ধান্তের বলি হওয়ার কোনো সুযোগই দেখেননি বাংলাদেশ অধিনায়ক, "গত ম্যাচের চেয়ে উইকেট খুব ভালো ছিল। টস জিতলে বোলিং করবো- এই সিদ্ধান্ত নেওয়াই ছিল। তবে হেরে গিয়ে যদি ব্যাটিংও করতাম, মনে হয় না খুব একটা সমস্যা হত।" জিম্বাবুয়ে অধিনায়ক প্রোসপার উতসেয়াও ৯ উইকেটে ১৬০ রান তোলার পর জয়ের আশা একরকম ছেড়েও দিয়েছিলেন উইকেটের জন্যই, "এটাকে আগের চেয়ে ভালো উইকেট বলেই মনে হয়েছিল আমার। তাই জানতাম এখানে দেড়শো রান ডিফেন্ড করা খুব কঠিন হবে। আর করলেও নিয়মিত উইকেট তুলে নিতে হত। নাহ, এই উইকেটে আমাদের সংগ্রহ মোটেও যথেষ্ট ছিল না।" অথচ জিম্বাবুয়ের ১৬০ পর্যন্ত যাওয়ারই কথা ছিল না। ৪৭ রানে ৬ উইকেট হারানোর পর এমন মনে হওয়াই খুব স্বাভাবিক। কিন্তু এরপর শন উইলিয়ামস এবং প্রোসপার উতসেয়ার প্রতিরোধ সপ্তম উইকেটে যোগ করে ৯৬ রান। তবে ইদানীং বাংলাদেশের বিপক্ষে এমনটা নিয়মিতই হচ্ছে। গ্রামীণফোন ট্রাইনেশন কাপের ফাইনালে ৬ রানে শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে নিয়েও জেতা হয়নি বাংলাদেশের। এই সিরিজের প্রথম ম্যাচেও জিম্বাবুয়ের ৮ উইকেট তুলে নিয়ে জয়ের খুব কাছে চলে যাওয়া বাংলাদেশ শেষপর্যন্ত দেখেছে হারের মুখ। আশরাফুলের কাছ থেকে অবশ্য শুধু এই ম্যাচের ব্যাখ্যাটাই পাওয়া গেল, "আমরা চেষ্টা করেছি। এমন নয় যে আমরা ভালো বোলিং করিনি। এজন্যই ওরা ওই সময়টায় তেমন রান নিতে পারেনি। তবে একথাও বলতে হয়, ওরা দু'জন খুব ভালো ব্যাটিংও করেছে।" নিজের ব্যাটিং নিয়ে অবশ্য উচ্চকিত হওয়ার সুযোগ বেশ কিছুদিন ধরেই পাচ্ছেন না আশরাফুল। তারওপর ট্রাইনেশন কাপের ফাইনালের পর জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে তার অনেক সিদ্ধান্ত সমালোচিত হয়েছে খুব। সবমিলিয়ে তটস্থ আশরাফুল অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন, এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। এ প্রসঙ্গে অবশ্য এদিনের সংবাদ সম্মেলনে খুব বেশি কথা তার মুখ থেকে বের করা গেল না, "অধিনায়কত্ব নিয়ে আমি অতোটা চিন্তা করছি না। চারদিক থেকে আমি বরং সমর্থনই পাচ্ছি।" নিজের রান না পাওয়া প্রসঙ্গে তার বক্তব্য, "চেষ্টা তো করছি। এখন হচ্ছে না, সামনে হবে। শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটায় জিতলাম, সেখানেও তো আমি সাকিবের সঙ্গে ভালো একটা জুটি গড়েছিলাম। রান করেছিলাম ২৬। বড় রান হয়তো হচ্ছে না। আশা করছি, পরের ম্যাচেই হয়ে যাবে।" তাহলে সিরিজ জয়ের পাশাপাশি নিজেও রানে ফেরার আনন্দে ভাসতে পারবেন অধিনায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২০ঘ.