২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকিবুলের অপরাজিত ফিফটি সমতায় ফেরালো বাংলাদেশকে

সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে। এমন কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে এবার আর পথভ্রষ্ট হয়নি বাংলাদেশ। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে রকিবুল হাসানের অপরাজিত ফিফটির সুবাদে জিম্বাবুয়েকে সহজেই ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফিরিয়ে এনেছে মোহাম্মদ আশরাফুলের দল। জিম্বাবুয়ের ৯ উইকেটে করা ১৬০ রান বাংলাদেশ পেরিয়ে গেছে ৩১ বল হাতে রেখেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 04:16 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, ২১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে। এমন কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে এবার আর পথভ্রষ্ট হয়নি বাংলাদেশ। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে রকিবুল হাসানের অপরাজিত ফিফটির সুবাদে জিম্বাবুয়েকে সহজেই ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফিরিয়ে এনেছে মোহাম্মদ আশরাফুলের দল। জিম্বাবুয়ের ৯ উইকেটে করা ১৬০ রান বাংলাদেশ পেরিয়ে গেছে ৩১ বল হাতে রেখেই। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশকে ভালো সূচনা এনে দেয়ার চেষ্টা করছিলেন দুই ওপেনার। কিন্তু ইনিংসের নবম এবং টাওয়ান্ডা মুপারিওয়ার প্রথম ওভারের পঞ্চম বলেই বোল্ড হয়ে গেছেন তামিম (২১)। ফলে ভেঙ্গে গেছে ৩২ রানের উদ্বোধনী জুটি। আশরাফুল (৫) আবারো ব্যর্থ। এড রেইন্সফোর্ডের অফস্টাম্পের বেশ বাইরে পিচ পড়া বলে অহেতুক চালিয়ে শর্ট কাভারে প্রসপার উতসেয়াকে ক্যাচ দিয়ে দলকে ২ উইকেটে ৪২ রানে পরিণত করেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে ১০ রানের ব্যবধানে ২ উইকেট পড়ে গেলেও তাতে ঘাবড়ে যাননি মেহরাব হোসেন জুনিয়র ও রকিবুল। আস্থার সঙ্গে খেলে দুজনে মিলে গড়েছেন ৫২ রানের এক কার্যকর জুটি। দলকে লক্ষ্যের পথে নিয়ে যাওয়ার পাশাপাশি ফিফটির দিকেও এগিয়ে যাচ্ছিলেন মেহরাব । কিন্তু রেমন্ড প্রাইসকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে মিড উইকেটে উতসেয়াকে ক্যাচ দিয়েছেন তিনি। মেহরাবের ৮৫ বলে ৪৩ রানে ৫টি বাউন্ডারি ছিল। মেহরাবের বিদায়ের সময় বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ৯৪ রান। সেটাকে ১৩৫ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পর আউট হয়েছেন সাকিব আল হাসান (২২)। তাকে কট বিহাইন্ড করে ৪১ রানের জুটিটা ভেঙ্গেছেন উতসেয়া। তবে জিম্বাবুয়ের তাতে কোনো লাভ হয়নি। কারণ রকিবুলের দৃঢ়তা। মেহরাব ফিফটি মিস করলেও তিনি সেই ভুল করেননি। ৯৩ বলে পঞ্চম ওয়ানডে ফিফটি পূর্ণ করা রকিবুলকে আউট করতে পারেননি জিম্বাবুয়ের কোনো বোলারও। ১০০ বলে খেলা তার অপরাজিত ৫২ রানের ইনিংসটা গড়ে উঠেছে ৭ বাউন্ডারিতে। 'উইনিং স্ট্রোক' অবশ্য তার ব্যাট থেকে আসেনি। মুপারিওয়ার পরপর দুই বলে চার ও ছক্কা মেরে বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন ১৩ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম। তবে ম্যাচ জেতানো ইনিংসের সুবাদে রকিবুলই ম্যান অব দ্য ম্যাচ। এর আগে সকালে টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের উদ্বোধনী জুটিতে ২৬ রান ওঠার পর দশম ওভারে ব্রেক থ্রু পেয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেনের বল উড়িয়ে মারতে গিয়ে মিড অফে রুবেল হোসেনের হাতে ধরা পড়েছেন হ্যামিল্টন মাসাকাদজা (১৭)। দ্বাদশ অর্থাৎ নাজমুলের পরের ওভারে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন প্রথম ওয়ানডেতে না খেলা ভুসিমুজি সিবান্দা (৭)। তিন ওভার পর রুবেলের বল ফ্লিক করতে গিয়ে শর্ট মিডউইকেটে মেহরাবের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়েছেন টাটেন্ডা টাইবু (৩)। সফরকারীদের ৪ উইকেটে ৪৫ রানে পরিণত করার কৃতিত্ব মাশরাফির। সপ্তদশ ওভারে তার সরাসরি থ্রোতে রান আউট হয়ে গেছেন স্টুয়ার্ট মাৎসিকেনেরি (১০)। নাজমুলের করা পরের ওভারে এলটন চিগুম্বুরাও (১) বোল্ড! এবং তার পরের ওভারেই ম্যালকম ওয়ালারকে (১) বোল্ড করে দিয়ে বাংলাদেশকে আরো একবার উল্লাসে ভাসিয়েছেন রুবেল। জিম্বাবুয়ে তখন ৪৭ রানে ৬ উইকেট হারিয়ে ভয়ঙ্কর বিপদে। এমন পরিস্থিতিতে প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দেয়ার আশাই করছিল বাংলাদেশ। কিন্তু আশরাফুলের দলের সেই আশার গুড়ে বালি ঢেলে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছেন শন উইলিয়ামস ও উতসেয়া। ধীরে-সুস্থে, ঠান্ডা মাথায় খেলে জিম্বাবুয়ের ড্রেসিংরুমে স্বস্তি ফিরিয়ে এনেছেন তারা, ২৯.৩ ওভারে গড়েছেন ৯৬ রানের মহামূল্যবান জুটি। যে জুটি গড়ে ওঠার পেছনে উইলিয়ামসের ভূমিকাই মুখ্য। ৮১ বলে ক্যারিয়ারের অষ্টম এবং বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ফিফটিতে পৌঁছানো উইলিয়ামস তিনটি বাউন্ডারি ছাড়াও মাহমুদুল্লাহকে স্লগ-সুইপ করে মিডউইকেট দিয়ে দারুণ একটা ছক্কাও মেরেছেন। শেষ পর্যন্ত তার ৮৯ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংসটা শেষ হয়েছে দুর্ভাগ্যজনক রান আউটের মাধ্যমে। যে রান আউটের একমাত্র কারণ উতসেয়ার বোকামি! মাশরাফির একটি ইয়র্কার লেগের দিকে ঘুরিয়েছিলেন উইলিয়ামস। কিন্তু বল চলে গেছে সরাসরি ফিল্ডারের হাতে। রানের আশায় উতসেয়া নন-স্ট্রাইক প্রান্ত থেকে উইলিয়ামসের প্রান্তে চলে যাওয়ায় উইকেট ভেঙ্গে দিয়েছেন মাশরাফি। উইলিয়ামস ক্রিজ থেকে বেরিয়ে আসায় আউট হতে হয়েছে তাকেই। উইলিয়ামসের বিদায়ের পরের ওভারেই 'ঝড়' তুলেছেন উতসেয়া। নাইমের করা ইনিংসের ৪৯তম ওভারে একটি করে ছক্কা ও বাউন্ডারিসহ তিনি তুলে নিয়েছেন ১৪ রান। শেষ ওভারে মাশরাফির বলে এলবিডব্লু হলেও দলকে স্বস্তিকর জায়গায় পৌঁছে দিতে জিম্বাবুইয়ান অধিনায়কের ১০১ বলে দুটো চার ও এক ছক্কায় সাজানো ৩৮ রানের ইনিংসটার বিশাল ভূমিকা। ২৮ রানে ৩ উইকেট নেয়া নাজমুল বাংলাদেশের সফলতম বোলার। মাশরাফি ও রুবেল নিয়েছেন দুটো করে উইকেট। সংক্ষিপ্ত স্কোর : জিম্বাবুয়ে : ৫০ ওভারে ১৬০/৯ (সিবান্দা এলবিডব্লু ব নাজমুল ৭, মাসাকাদজা ক রুবেল ব নাজমুল ১৭, মাৎসিকেনেরি রান আউট (মাশরাফি) ১০, টাইবু ক মেহরাব ব রুবেল ৩, উইলিয়ামস রান আউট (মাশরাফি) ৫৯ , চিগুম্বুরা ব নাজমুল ১, ওয়ালার ব রুবেল ১, উতসেয়া এলবিডব্লু ব মাশরাফি ৩৮, প্রাইস ব মাশরাফি ৭ , মুপারিওয়া অপরাজিত ১ , অতিরিক্ত ১৬ ; মাশরাফি ১০-১-২২-২, নাজমুল ১০-১-২৮-৩, রুবেল ৮-২-২৯-২, সাকিব ১০-৩-২৪-০, নাইম ৯-০-৩৯-০, মাহমুদুল্লাহ ৩-০-১২-০) বাংলাদেশ : ৪৪.৫ ওভারে ১৬৪/৪ (তামিম ব মুপারিওয়া ২১, মেহরাব ক উতসেয়া ব প্রাইস ৪৩, আশরাফুল ক উতসেয়া ব রেইন্সফোর্ড ৫, রকিবুল অপরাজিত ৫২, সাকিব ক টাইবু ব উতসেয়া ২২, মুশফিক অপরাজিত ১৩, অতিরিক্ত ৮; রেইন্সফোর্ড ৯-০-৩৩-১, উতসেয়া ১০-১-২৪-১, মুপারিওয়া ৮.৫-১-৩৫-১, চিগুম্বুরা ৬-০-৩৫-০, প্রাইস ১০-০-২০-১, উইলিয়ামস ১-০-১২-০) ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : রকিবুল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭১২ঘ.