মেলবোর্ন, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিথি দলগুলোকে উড়িয়ে দিয়ে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার জয়, আর তারপর একটা তিনজাতির ওয়ানডে সিরিজ। গত দেড় দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেট মৌসুমের স্বাভাবিক গতি প্রকৃতি ছিল এটাই। প্রথমটা বদলে গেছে এরই মধ্যে, শুক্রবার থেকে বদলাচ্ছে দ্বিতীয়টাও। তিন দেশের সিরিজের বদলে এবার অতিথি দুটি দলের সঙ্গে আলাদা দুটি ওয়ানডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া, তার প্রথমটির প্রথম ম্যাচে রিকি পন্টিংয়ের দল মুখোমুখি হচ্ছে টেস্ট সিরিজে তাদের হারিয়ে দেওয়া দক্ষিণ আফ্রিকার। এই সিরিজ শেষে আসবে নিউজিল্যান্ড, তারাও খেলবে ৫ ম্যাচের আরেকটি সিরিজ।
টেস্ট সিরিজে অবিস্মরণীয় জয়ের স্মৃতিটা অবশ্য প্রোটিয়াদের এরই মধ্যে ভুলে যাওয়ার উপক্রম হয়েছে। মাঝে দুই ম্যাচের একটা টোয়েন্টি-টোয়েন্টি সিরিজ খেলে তাতে হোয়াইট ওয়াশ হয়েছে তারা, আর ওই সিরিজেই বোঝা গেছে গ্রায়েম স্মিথের অভাবটা কতটা অনুভব করছে দক্ষিণ আফ্রিকা দল। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ইয়োহান বোথা নেতৃত্ব দিচ্ছেন সীমিত ওভারের ম্যাচের সিরিজ দুটোয়, আর টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে তার অনভিজ্ঞতার কারণে ভুগতে হয়েছে দলকে। দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতায় ঋদ্ধ জ্যাক ক্যালিস ও মার্ক বাউচার আর ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের অধিনায়ক নিল ম্যাকেঞ্জির মতো সিনিয়রদের সঙ্গে মাঠে বার বার পরামর্শ করতে গিয়ে ওভার রেটে পিছিয়ে পড়ে জরিমানা দিতে হয়েছে তাদের।
ওয়ানডে সিরিজে অবশ্য এমনটা হবে না বলেই কথা দিচ্ছেন বোথা। এ নিয়ে সিনিয়রদের সঙ্গে মাঠের বাইরেই এক রাউন্ড আলোচনা সেরে নিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার অধিনায়ক পন্টিংকেও কিন্তু এ রকম পরামর্শ নিতে হচ্ছে এই ম্যাচের আগে! ওয়ানডে ক্রিকেটে পাওয়ার প্লের নতুন আইন চালু হয়েছে অনেক দিন হলো, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এটা পরিচিত তারও আগে থেকেই। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে এই নতুন নিয়মে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে শুক্রবারই প্রথম। ব্যাটিং করার সময় পাওয়ার প্লে বেছে নেওয়ার ব্যাপারে তাই ডেভিড হাসি, ক্যামেরন হোয়াইটদের মতো নতুনদের কাছে পরামর্শ নিতে হচ্ছে পন্টিংকে!
টেস্ট সিরিজের বিপর্যয়ের পর এই নতুনদের দিকেই তো তাকিয়ে অস্ট্রেলিয়া!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১২৮ঘ.
bdnews24