ঢাকা, ১৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- 'কে ফেভারিট?' - এই প্রশ্নে কিছুতেই মুখ খোলানো গেল না মোহাম্মদ আশরাফুল কিংবা মাহেলা জয়াবর্ধনের। গ্রামীণফোন ট্রাই নেশন কাপের তৃতীয় পক্ষ জিম্বাবুয়ের প্রোসপার উতসেয়া অবশ্য ওই দু'জনের মতো কোনো ঝুঁকিতে নেই। দর্শক হওয়ার সুবাদে শুক্রবার সকাল নয়টায় শুরু হতে যাওয়া ফাইনাল নিয়ে তাই তিনি বাজী ধরতেই পারেন। কিন্তু তার পছন্দ বাংলাদেশের ফাইনালে ওঠার মতোই অপ্রত্যাশিত, "আমার দৃষ্টিতে বাংলাদেশ ফেভারিট।" বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় জিম্বাবুয়ে অধিনায়কের দেওয়া ব্যাখ্যাটা এরকম- খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক জয় মানসিকভাবে এগিয়ে রাখবে বাংলাদেশকে!
কিন্তু অপ্রত্যাশিত কোনো সাফল্যের পর ন্যুনতম প্রত্যাশা পুরণেও বাংলাদেশের ব্যর্থতার ইতিহাস কতো লম্বা, সেটা উতসেয়ার ততোটা ভালো জানার কথা নয়। হঠাৎ পাওয়া এরকম সাফল্যের পরপরই বিশাল একটা জনস্রোতও স্টেডিয়ামমুখো হয়। শুক্রবারের ফাইনালেও যে হবে তা নিয়ে কোনো সংশয়ও নেই। এদিন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেক কর্মকর্তাকেও টিকেটের জন্য হাহাকার করতে শোনা গেল। যারা নিজেদের কোটার সৌজন্য টিকেট পেয়ে গিয়েছিলেন টুর্নামেন্ট শুরুর আগেই। এবং ১০ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের হারের পর ফাইনালের টিকেটের চাহিদা এমন আকাশচুম্বী হবে ভাবার কোনো কারণই ছিল না। সেসময় ক্লাবের বয়-বেয়ারাদের হাতে টিকেট গুঁজে দিয়ে স্বস্তি পেলেও ফাইনালের আগের দিন তারাই চরম বেকায়দায়!
স্টেডিয়ামে হুমড়ি খেয়ে পড়া দর্শক ক্রিকেটারদেরও বেকায়দায় ফেলে মানে তাদের ওপর বাড়তি প্রত্যাশার চাপ তৈরি করে। অতীতে ঘরের মাঠে এরকম বড় জয়ের পরের ম্যাচেই আবার নিজেদের ভেঙ্গে পড়ার কারণ যে এটাও, তা স্বীকার করতে এমনকি দ্বিধা করেননি ক্রিকেটাররাও। কাজেই দেশের ইতিহাসে প্রথম কোনো ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে প্রত্যাশার পারদ আরো চড়ে যাওয়া বিচিত্র নয়। তাই আশরাফুলদের অন্য আরেকটা লড়াইও করার থাকছে, যেটায় জেতার বিষয়ে অধিনায়কের কন্ঠ খুব একটা উচ্চকিতও হল না, "চাপ যদি নিতে চান, তাহলে চাপ। আমরা চাপ না নেওয়ারই চেষ্টা করবো।"
শ্রীলঙ্কান অধিনায়ক অবশ্য মনে করেন স্টেডিয়ামভর্তি দর্শক চাপেই রাখবে আশরাফুলদের, "আমরা অনেক দর্শকের সামনে খেলতে অভ্যস্ত। যতো দর্শক আসবে, আমি তো মনে করি এতে আমাদের সুবিধাই হবে। বেশি দর্শক বরং বাংলাদেশের জন্যই চাপ হয়ে যেতে পারে।" ব্যাপক প্রত্যাশার এই ম্যাচকে সামনে রেখে ১২ জনের দল জানিয়েছে বাংলাদেশ, যেখানে নেই ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়র এবং বাঁ হাতি স্পিনার এনামুল হক জুনিয়র। মাহবুবুল আলম রবীন নাকি নাজমুল হোসেন, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও নাজমুলকে বাইরে রেখে 'উইনিং কম্বিনেশন' ধরে রাখারই সম্ভাবনা সবচেয়ে বেশি।
তবে ফাইনালের আগে বাংলাদেশ দলের যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, সেটি টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয়ের দিনও যা ভুগিয়েছে। ফাইনালে ইতিবাচক ফলের জন্য তাদের তাগিদ দিচ্ছেন আশরাফুল, "এখন পর্যন্ত আমাদের সবকিছু শতভাগ ঠিক হচ্ছে না। বিশেষ করে আমাদের টপ অর্ডার যদি শুরুটা ভালো করে দিতে পারে, তাহলে পরের দিকের ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যায়। প্রথম তিন ব্যাটসম্যানের কেউ বড় ইনিংস খেলে দিলে দলের জন্য খুব ভালো হয়।"
কিন্তু শ্রীলঙ্কা ম্যাচে দুই ওপেনারই হয়েছেন রানআউট। রানিং বিটুইন দি উইকেট নিয়েও উদ্বেগ বাড়ার কারণ আছে যথেষ্টই। ফাইনালে এরকম কিছুই না দেখারই আশা অধিনায়কের, "গত দুটো ম্যাচে পাঁচটি রানআউট হয়েছে। আশা করবো, ফাইনালে এধরনের ভুল যেন আর না হয়। টপ অর্ডার ব্যাটসম্যানরা রানআউট হলে আমাদের মতো দলের খুব সমস্যা হয়ে যায়। ফাইনালে রান নেওয়ার সময় এই ভুল বোঝাবুঝিটা না হলেই ভালো।" আগে ব্যাট করলে মিরপুরের উইকেটে ২২০ রান লড়াই করার মতো পুঁজি হবে বলে মনে করেন তিনি। ফাইনালে তাদের লক্ষ্যটাও পরিষ্কার জানিয়ে দিতে ভুললেন না, "ফাইনাল বলেন আর সাধারণ ম্যাচ- সবসময় আমরা জেতার জন্যই নামি। কালকের (শুক্রবার) ম্যাচে আমরা অবশ্যই জেতার জন্য নামবো। আমাদের জন্য দারুণ একটা সুযোগ। ত্রিদেশীয় কাপের ফাইনালে খেলছি আমরা। প্রথম ম্যাচের পর হয়তো এই আশাটা ছিল না। শেষ ম্যাচ জিতে যেহেতু এখন আমরা ফাইনাল খেলছি, চেষ্টা করবো নিজেদের সেরা ক্রিকেটটা খেলার।"
সমস্যা হল 'ফাইনাল' শব্দটার সঙ্গে এই প্রথম পরিচয় হচ্ছে বাংলাদেশের। শ্রীলঙ্কার যে সমস্যা নেই। একারণে মাহেলা জয়াবর্ধনে আগের ম্যাচের হারটাকে আমলেই নিচ্ছেন না খুব একটা, "অনেকদিন পর আমাদের একটা বাজে দিন গেছে। ক্রিকেটে এরকম হতেই পারে। তবে আমাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় আছে যারা এরকম বড় ম্যাচে নিজেদের মেলে ধরতে সিদ্ধহস্ত।" আশরাফুলরা না আবার এই চাপেই ভেঙ্গে পড়েন!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪০ঘ.
bdnews24