ঢাকা, ১২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এবারের লিগে গাজী ট্যাংকে খেলবেন আশরাফুল। গত মৌসুমে মোহামেডানের হয়ে খেলা বাংলাদেশ অধিনায়ক সোমবার দলবদলের শেষ দিনে নাম লিখিয়েছেন প্রিমিয়ারে গাজী ট্যাংকে। বলাই বাহুল্য গাজী ট্যাংকের নেতৃত্ব দেবেন তিনি। গাজী ট্যাংক ছাড়াও শেষ দিনে সিটি ক্লাব, পারটেক্সসহ প্রথম বিভাগের বেশ কয়েকটি দল গুছিয়ে নিয়েছে নিজেদের স্কোয়াড।
গাজী ট্যাংক গত কয়েক বছর ধরে শক্তিশালী দল গড়েও প্রথম বিভাগের বাধা পেরোতে পারছিল না। শেষ পর্যন্ত গতবার চ্যাম্পিয়ন হয়ে উঠে আসে প্রিমিয়ারে। আর অভিষেক বছরেই জাতীয দলের এক ঝাঁক ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গড়ে চমকে দিয়েছে সবাইকে। আশরাফুল ছাড়াও নবাগত দলটি ভিড়িয়েছে পুলের নাঈম ইসলাম ও ইমরুল কায়েসকে। জাতীয় দলের বর্তমান স্কোয়াডের এনামুল জুনিয়র ও রুবেল হোসেনও যোগ দিয়েছেন গাজী ট্যাংকে । সাবেক টেস্ট ওপেনার নাফিস ইকবাল বিমান ছেড়ে সঙ্গী হয়েছেন তাদের।
কাল শেষ সময়ে সৈয়দ রাসেলকে দলে ভিড়িয়ে দলের বোলিং শক্তি বাড়িয়েছে আরেক নবাগত সিসিএস। তারা খুব করে চাইছিল জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে দলে ভেড়াতে। কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়াতে মুশফিক সম্ভবত শেষ পর্যন্ত তার পুরনো দলেই থেকে যাচ্ছেন। একই রকম সিসিএস-এর আরেক টার্গেট জাতীয় দলের রকিবুল হাসানও পুরনো ক্লাব মোহামেডানেই রয়ে গেছেন। রকিবুলকেও প্রস্তাব দিয়েছিল নবাগত দলটি। কিন্তু তার সঙ্গেও পারিশ্রমিক নিয়ে মতৈক্য হয়নি। সিসিএস শেষ দিনে ইলিযাস সানী, নাজমুল ইসলাম মিলন, উত্তম সরকার, মনোয়ার হোসেন, নাজিমুদ্দিন রিপনদের ভিড়িযে মাঝারি মানের দল গড়েছে।
শেষ দিন প্রিমিয়ার বিভাগে ৩৩ জন এবং প্রথম বিভাগে ৯৭ জন দলবদল করেছেন। তিনদিনে মোট ৩৭৭ জন ক্রিকেটার দল বদল করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২১৪০ঘ.
bdnews24