২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই বাংলাদেশ-জিম্বাবুয়ের 'সেমিফাইনাল'

একটা 'সেমিফাইনাল' দিয়েই আসলে শুরু হচ্ছে গ্রামীণফোন ত্রিদেশীয় কাপ। টুর্নামেন্টের তৃতীয় দল যেহেতু শ্রীলঙ্কা এবং তারা প্রবল পরাক্রমশালী, একারণে ১৬ জানুয়ারির ফাইনালে তারা উঠে বসেই আছে বলা যায়। সংক্ষিপ্ত এই আসরে একে অন্যের সঙ্গে একটা করেই ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, ৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একটা 'সেমিফাইনাল' দিয়েই আসলে শুরু হচ্ছে গ্রামীণফোন ত্রিদেশীয় কাপ। টুর্নামেন্টের তৃতীয় দল যেহেতু শ্রীলঙ্কা এবং তারা প্রবল পরাক্রমশালী, একারণে ১৬ জানুয়ারির ফাইনালে তারা উঠে বসেই আছে বলা যায়। সংক্ষিপ্ত এই আসরে একে অন্যের সঙ্গে একটা করেই ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। কাজেই শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ-জিম্বাবুয়ের উদ্বোধনী ম্যাচটা এক অর্থে সেমিফাইনালেই পরিণত হয়েছে। যে ম্যাচ জিতলেই ফাইনালের টিকেট একরকম নিশ্চিত। নিজেদের মাঠে যখন খেলা তখন বাংলাদেশ দলের ওপর ফাইনাল খেলার বাড়তি চাপ থাকা বিচিত্র নয়। তবে দেশের মাঠ বলে জিম্বাবুয়েকে উঁড়িয়ে দেওয়ার সুখস্মৃতি রোমন্থন করার মন্ত্রও আছে। ২০০৭ সালের জানুয়ারিতে এই মিরপুরেই পাঁচ ম্যাচের সিরিজে প্রোসপার উতসেয়ার দলকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এরপর ফেব্র"য়ারিতে ফিরতি সফরে গিয়ে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ এ জিতেছিল। প্রায় দুই বছর পর আবার জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার আগে তাই বাংলাদেশ কোচ জেমি সিডন্সের তেমন একটা দুঃশ্চিন্তা নেই, "আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার আগে আমি যেমন আত্মবিশ্বাসী ছিলাম, এই ম্যাচের আগেও তাই। আমরা ওদের (জিম্বাবুয়ে) চেয়ে অনেক ভালো দল। তবে সেজন্য নিজেদের মেলে ধরতে হবে ছেলেদের।" তার শিষ্যদের এই সমস্যাটার কথা তার ভালো করেই জানা। সামর্থ্য আছে তবে নিজেদের খেলাটা অনেক সময়ই খেলে উঠতে পারেন না। সিডন্সের সেই আশঙ্কাও এবার নেই, কারণ, "টেস্ট ক্রিকেটের জন্য গভীর মনোযোগ লাগে। আমাদের ছেলেরা যা ধরে রাখতে পারে না। কিন্তু ওয়ানডে তো মাত্র ৫০ ওভারেরই খেলা। আমাদের অনেকের হয়তো খুব বেশি টেস্ট খেলা হয়নি, তবে তারা ওয়ানডে খেলেছে প্রচুর। কাজেই ওদের ওপর আমার আস্থা আছে। দেখবেন আমাদের ব্যাটিংয়ের 'টপ ফোর' টেস্টের চেয়ে অনেক ভালো করবে।" তবে জিম্বাবুয়েও তো আর ছেড়ে কথা বলতে আসেনি। আপাতত টেস্ট অঙ্গনের বাইরে থাকা এই দলটিকে এমনকি ওয়ানডেও খেলতে দেওয়া উচিত নয়- সমালোচকদের এমন দাবিকে অযৌক্তিক প্রমাণ করার মিশন নিয়েই নাকি জিম্বাবুয়ে এই সফরে এসেছে। খোদ অধিনায়ক উতসেয়া নিজেই তেমন বলেছেন, "আমরা দেখাতে চাই এই পর্যায়ে খেলার যোগ্যতা আমাদের আছে। সেজন্য আমাদের ট্রাই সিরিজের ফাইনালে উঠতে হবে এবং ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারাতে হবে।" আর এই লক্ষ্যে পৌছার ক্ষেত্রে তাদের অনুপ্রেরণা গত নভেম্বরে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। যেখানে তারা হোয়াইটওয়াশ হয়েছিল ঠিকই তবে মাহেলা জয়াবর্ধনের দলের ঘামও কম ছোটায়নি। সিরিজের শেষ তিনটি ম্যাচে শ্রীলঙ্কার জয়ের ব্যবধানই সেকথা বলছে - ৫ রান, ২ উইকেট ও ১৯ রান। একারণেই উতসেয়া বেশ গর্বভরেই বলতে পারলেন, "শ্রীলঙ্কা সিরিজ থেকে অনেক ইতিবাচক দিক নিয়েই এই সিরিজে মাঠে নামছি আমরা। আমাদের লক্ষ্য টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ জেতা। তাছাড়া দুই বছর আগের তুলনায় আমাদের দলটাও এখন বেশ অভিজ্ঞ।" মোহাম্মদ আশরাফুলও মানেন আগের চেয়ে এখন অভিজ্ঞ উতসেয়ার এই দলটা। তবে ফাইনালের চিন্তা এখনই করছেন না বাংলাদেশ অধিনায়ক, "আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। আশা করছি প্রথম ম্যাচে ভালো ক্রিকেটই খেলবো। তারপর পরের ম্যাচ নিয়ে ভাবা যাবে। কাল (শনিবার) যদি ভালো ক্রিকেট খেলি এবং জিতি, তাহলে ফাইনাল খেলবো।" আর একরকম সেমিফাইনাল হয়ে যাওয়া এই ম্যাচের জন্য এনামুল হক জুনিয়র ও নতুন মুখ রুবেল হোসেনকে বাইরে রেখে ১২ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এদের মধ্যে জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে তুখোড় ফর্মে থাকা মাহমুদুল্লাহ রিয়াদই খুব সম্ভবত একাদশের বাইরে থাকছেন। তাহলে মাশরাফি বিন মর্তুজা ও মাহবুবুল আলম রবীনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দেখা যাবে নাজমুল হোসেনকে। জিম্বাবুইয়ানদের যেহেতু স্পিনভীতি আছে, কাজেই স্পিন দিয়ে তাদের ঘায়েল করার পরিকল্পনা থাকাও স্বাভাবিক। সেক্ষেত্রে সাকিব আল হাসান ও নাঈম ইসলামের সঙ্গে মেহরাব হোসেন জুনিয়রকেও হাত ঘোরাতে দেখা যেতে পারে। অবশ্য উতসেয়া দাবি করলেন স্পিনের বিপক্ষে জিম্বাবুয়ে এখন অনেকটাই সাবলীল, কারণ নভেম্বরে শ্রীলঙ্কা সিরিজে শ্রীলঙ্কান স্পিনারদের নাকি তার ব্যাটসম্যানরা বেশ ভালোই সামলেছেন। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মাহবুবুল আলম রবীন ও নাজমুল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.