সিডনি, ৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার আর পারেনি দক্ষিণ আফ্রিকা। পার্থে চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে এবং মেলবোর্নে সহজ জয় দিয়ে অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে এনেছিল তারা। কিন্তু সিডনিতে তৃতীয় ও শেষ টেস্টে জিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লজ্জায় ফেলতে পারেনি প্রোটিয়ারা। বুধবার পঞ্চম ও শেষ দিনে ৩৭৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে গ্রায়েম স্মিথের দল অলআউট হয়ে গেছে ২৭২ রানে। সুবাদে অস্ট্রেলিয়া পেয়েছে ১০৩ রানের সান্ত্বনার জয়।
হাশিম আমলা (৫৯) ও এবি ডি ভিলিয়ার্সের (৫৬) ফিফটির পরও ২০৭ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকা দারুণ লড়াই করেছে ম্যাচের শেষ পর্যন্ত। সেজন্য দুই টেলএন্ডার ডেল স্টেইন (২৮) ও মাখায়া এনটিনি (২৮*) এবং চোটগ্রস্ত গ্রায়েম স্মিথ কৃতিত্বের দাবীদার। স্টেইন-এনটিনির ৫০ রানের জুটি ভেঙ্গে যাওয়ার পর শেষ ব্যাটসম্যান হিসাবে ভাঙ্গা বাঁ হাত ও ডান কনুইয়ে তীব্র ব্যথা নিয়ে মাঠে নেমেছিলেন স্মিথ। সেই অবস্থাতেই ২৯ মিনিট ক্রিজে কাটিয়ে দলকে ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি।
কিন্তু ম্যাচ শেষ হওয়ার মাত্র মিনিট পাঁচেক আগে ৩ রান করে মিচেল জনসনের বলে বোল্ড হয়ে যান প্রোটিয়া অধিনায়ক। দল হারলেও তিন ম্যাচে ৩২৬ রান করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ে নেতৃত্ব দেয়ার সুবাদে সিরিজ-সেরার পুরস্কার উঠেছে স্মিথের হাতে। ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেয়া পিটার সিডল।
ক্রিকইনফোর সহায়তায়
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৪৪৫ (ক্লার্ক ১৩৮, জনসন ৬৪, ক্যাটিচ ৪৭, হরিজ ৪১; হ্যারিস ৩/৮৪, স্টেইন ৩/৯৫) ও ২৫৭/৪ ডিক্লে. (ক্যাটিচ ৬১, পন্টিং ৫৩, হাসি ৪৫*, ক্লার্ক ৪১, হেইডেন ৩৯; মরকেল ২/৩৮)
দক্ষিণ আফ্রিকা : ৩২৭ (বাউচার ৮৯, আমলা ৫১, মরকেল ৪০; সিডল ৫/৫৯, জনসন ২/৬৯) ও ২৭২ (আমলা ৫৯, ডি ভিলিয়ার্স ৫৬, এনটিনি ২৮*, স্টেইন ২৮; সিডল ৩/৫৪, ম্যাকডোনাল্ড ২/৩২, জনসন ২/৪৯, বোলিঙ্গার ২/৫৩)।
ফল : অস্ট্রেলিয়া ১০৩ রানে জয়ী
সিরিজ : দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : পিটার সিডল
ম্যান অব দ্য সিরিজ : গ্রায়েম স্মিথ।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪২৫ঘ.
bdnews24