২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিলশানের কাছেই হারলো বাংলাদেশ

দুই ইনিংসে সেঞ্চুরির পর বল হাতেও চার উইকেট- চট্টগ্রাম টেস্টের নায়ক আক্ষরিক অর্থেই তিলকরত্নে দিলশান। আর তার এই অসাধারণ পারফরম্যান্সের সামনে অসহায় বাংলাদেশ একদিন বাকি থাকতেই হেরে গেছে ৪৬৫ রানের বিশাল ব্যবধানে। ৬২৪ রানের অসম্ভব এক টার্গেট তাড়া করতে নেমে ১৫৮ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 08:29 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই ইনিংসে সেঞ্চুরির পর বল হাতেও চার উইকেট- চট্টগ্রাম টেস্টের নায়ক আক্ষরিক অর্থেই তিলকরত্নে দিলশান। আর তার এই অসাধারণ পারফরম্যান্সের সামনে অসহায় বাংলাদেশ একদিন বাকি থাকতেই হেরে গেছে ৪৬৫ রানের বিশাল ব্যবধানে। ৬২৪ রানের অসম্ভব এক টার্গেট তাড়া করতে নেমে ১৫৮ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। এর আগে মঙ্গলবার চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির সময় ৬ উইকেটে ৪৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে দেন শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। সব মিলিয়ে তাদের লিড ৬২৩ রানের, ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চাইলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের তাই প্রয়োজন ছিল ৬২৪ রান। শ্রীলঙ্কার এই বিশাল স্কোরে সবচেয়ে বড় অবদান দিলশানেরই, আগের দিনের ৮১ রান নিয়ে ব্যাট করতে নেমে এদিন তিনি আউট হয়েছেন ১৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। প্রথম ইনিংসেও ১৬২ রান করেছিলেন বলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা পাওনা হয়ে গিয়েছিল আগেই। তবে দিলশান তার আসল চমকটা দেখিয়েছেন বল হাতে। মাত্র ৪.২ ওভার বল করে ১০ রান দিয়ে চার উইকেট পেয়েছেন এই অনিয়মিত অফস্পিনার। তিনি যখন বল হাতে নেন, তার আগে ৯২ রানের এক জুটি গড়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের দর্শকদের খানিকটা আনন্দ দিচ্ছিলেন মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান। ৫২ রানে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশের পিঠ অবশ্য তার আগেই দেওয়ালে ঠেকে গেছে। মুশফিক-সাকিবের ওই জুটি অন্তত ম্যাচটাকে শেষ দিনে টেনে নেওয়ার সম্ভাবনা জাগাচ্ছিল। অজন্তা মেন্ডিস, মুত্তিয়া মুরালিধরনদের দিয়েও কাজ হচ্ছে না দেখে জয়াবর্ধনে দিলশানের হাতে বল তুলে দেওয়ার পরই আরেকবার বদলে গেছে সবকিছু। নিজের প্রথম ওভারেই সাকিবকে (৪৬) ফিরিয়ে ওই জুটিটা ভেঙেছেন তিনি। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি খেলা সাকিব ক্যাচ দিয়েছেন উইকেটকিপার প্রসন্ন জয়াবর্ধনেকে। এরপর তৃতীয় ওভারে তার শিকার হয়েছেন মেহরাব হোসেন জুনিয়র (এলবিডব্লু, ৫) আর মাশরাফি বিন মর্তুজাকে। স্লিপে মাহেলা জয়াবর্ধনের শিকার হওয়ার আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার এই ইনিংসে কোনো রানই করতে পারেননি। নিজের পরের ওভারে শাহাদাত হোসেনকে (১) বোল্ড করে ম্যাচে পাঁচ উইকেট পাওয়ার আশাও জাগিয়েছিলেন দিলশান, সেটা হয়নি তার পরের ওভারে মুশফিক (৪৩) রানআউটের শিকার হওয়ায়। দ্বিতীয় ইনিংসের শুরুতে যতক্ষণ শ্রীলঙ্কার দুই নতুন বলের বোলার বল করছিলেন, ততক্ষণ ভালোই খেলছিলেন ইমরুল আর তামিম। কিন্তু অজন্তা মেন্ডিস বল হাতে নিতেই শুরু হয় বিপত্তি। নিজের প্রথম ওভারেই ইমরুলকে (৫) প্রথম স্লিপে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের শিকার বানিয়েছেন এই রহস্যময় স্পিনার। পানি পানের বিরতির পর আবার বল হাতে নিয়েই জুনায়েদকে (৪) ফেলেছেন এলবিডব্লুর ফাঁদে, আর তার তৃতীয় শিকার আশরাফুল (৭) ক্যাচ দিয়েছেন উইকেটকিপার প্রসন্ন জয়াবর্ধনেকে। মাঝে তামিম ইকবাল (১৭) প্রথম ইনিংসের অ্যাকশন রিপ্লের মতো করেই চামিন্ডা ভাসের বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পিছনে, আর রাকিবুল হাসানকে (১০) বোল্ড করে দিলহারা ফার্নান্ডো স্কোরটাকে পরিণত করেছেন ৫ উইকেটে ৫২ রানে। মুশফিক আর সাকিবের লড়াই শুরু সেখান থেকেই। ঢাকার প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ আশরাফুলদের দারুণ লড়াইয়ের কথা মনে রেখেই কি না, কোনো ঝুঁকি নেননি জয়াবর্ধনে। পাঁচ সেশন সময় হাতে রেখে বাংলাদেশের সামনে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন পাহাড় সমান এক টার্গেট। তৃতীয় দিনশেষে তোলা ৪ উইকেটে ২৯৬ রানের সঙ্গে চতুর্থ দিনের সকালে দুটি উইকেট হারিয়ে আরো ১৫১ রান তুলেছে লঙ্কানরা। ১৪টি বাউন্ডারি ও একটি ছয়ের সাহায্যে দিলশানের ১৪৩ রানের ইনিংসটাই পথ দেখিয়েছে তাদের । তবে সেঞ্চুরি পাওয়া হয়নি তৃতীয় দিনশেষে ৭২ রানে অপরাজিত থিলন সামারাবীরার। এদিন আর মাত্র ৫ রান যোগ করার পরই তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন সাকিব। সামারাবীরা ১৭৭ বলে নয়টি চারের সাহায্য করেছেন ৭৭ রান। ইনিংস ঘোষণার সময় চামারা কাপুগেদারা ৫৯ রানে এবং চামিন্ডা ভাস ২০ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পক্ষে আশরাফুল আর এনামুল জুনিয়র পেয়েছেন দুটি করে উইকেট। এর আগে প্রথম ইনিংসে নিজেরা ৩৮৪ রান তোলার পর বাংলাদেশকে ২০৮ রানে অলআউট করে দিয়েছিল শ্রীলঙ্কানরা। সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা : ৩৮৪ (দিলশান ১৬২, কাপুগেদারা ৯৬, ওয়ার্নাপুরা ৬৩; সাকিব ৪/১০৯, মাশরাফি ৩/৫৮) ও ৪৪৭/৬ ডিক্লে. (দিলশান ১৪৩, সামারাবীরা ৭৭, কাপুগেদারা ৫৯*; আশরাফুল ২/৫৬, এনামুল জুনিয়র ২/১০৯)। বাংলাদেশ : ১৮৪ (মাশরাফি ৬৩, আশরাফুল ৪৫; মেন্ডিস ৪/৭১, মুরালিধরন ৩/৬২) ও ১৫৮ (তামিম ১৭, ইমরুল ৫, জুনায়েদ ৪, রাকিবুল ১০, আশরাফুল ৭, মুশফিক ৪৩, সাকিব ৪৬, মেহরাব জুনিয়র ৫, মাশরাফি ০, শাহাদাত ১, এনামুল জুনিয়র ০* ; ভাস ১/১৬, ফার্নান্ডো ১/৩৬, মেন্ডিস ৩/৫৭, মুরালিধরন ০/৩০, দিলশান ৪/১০)। ফল : শ্রীলঙ্কা ৪৬৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ : তিলকরতে