ঢাকা, ৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গ্রামীণফোন ত্রিদেশীয় সিরিজ এবং এরপর বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের আরেকটি সিরিজ খেলতে চলে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। রোববার সকাল ১১টায় এমিরেটসের ফ্লাইটে ঢাকায় পৌছেছে প্রোসপার উতসেয়ার নেতৃত্বাধীন দলটি। কিন্তু ত্রিদেশীয় সিরিজ তো শুরু হবে ১০ জানুয়ারি অথচ জিম্বাবুয়ের ছয়দিন আগেই চলে আসার কারণ তাদের সফরসূচীতে একটি তিনদিনের ম্যাচও আছে। যেটি ৬ জানুয়ারি থেকে শুরু হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমী।
এই ম্যাচের জন্য রোববার ১৪ জনের জিপি-বিসিবি একাডেমী দলও ঘোষণা কার হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে এই দলটির নেতৃত্ব দেবেন নাঈম ইসলাম, গত অক্টোবরে দেশের মাটিতে যার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে। এরপর জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকাও সফর করে এসেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান ও অফস্পিনার। এই দলে টেস্ট ক্রিকেটার আছেন আরো দু'জন- পেসার নাজমুল হোসেন এবং সাজিদুল ইসলাম।
জিপি-বিসিবি একাডেমী দল : জহুরুল ইসলাম, মোহাম্মদ মিথুন (উইকেটকিপার), নাসিরুদ্দিন ফারুক, নাঈম ইসলাম (অধিনায়ক), মার্শাল আইয়ুব (সহ-অধিনায়ক), কামরুল ইসলাম ইমন, সাকলায়েন সজীব, রবিউল ইসলাম, রুবেল হোসেন, সাজিদুল ইসলাম, রায়হানউদ্দিন আরাফাত, মাহমুদুল হাসান, আশরাফুল আজিজ এবং নাজমুল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.
bdnews24