চট্টগ্রাম, ১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামের যে উইকেটে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের শেষ টেস্টটি হবে, সেটি একই সঙ্গে বাংলাদেশের আনন্দ-বেদনার স্মৃতি ধরে আছে। গত অক্টোবরে এই মাঠের তিন নাম্বার উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে অল্পের জন্য তীরে তরী ভেড়াতে পারেননি মোহাম্মদ আশরাফুলরা। আইসিএল ধাক্কার পর ওই টেস্ট দিয়েই দীর্ঘ পরিসরের ক্রিকেটে মাথা তুলে দাঁড়ানোর আনন্দে যেমন ভেসেছিল বাংলাদেশ, তেমনি জেতা ম্যাচ হেরে যাওয়ার বেদনায়ও ডুবেছিল। ৩ জানুয়ারি থেকে মাহেলা জয়াবর্ধনেদের বিপক্ষে শেষ টেস্ট খেলতে নামার আগে উইকেট যেমন বাংলাদেশের জন্য অফুরান অনুপ্রেরণার উৎস হয়ে থাকছে, তেমনি দিনকয়েক আগের ঢাকা টেস্টটিও।
ঢাকা টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পাওয়া সাকিব আল হাসানের জন্য আরো বেশি অনুপ্রেরণাদায়ী হওয়ার কথা চট্টগ্রামের উইকেট। অক্টোবরে এই উইকেটেই বাংলাদেশের পক্ষে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড গড়া এই বাঁ হাতি স্পিনার সেবার দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৯ উইকেট (১ম ইনিংসে ৭/৩৬ ও ২য় ইনিংসে ২/৭৯)। তবে কম যাননি আরেক বাঁ হাতি স্পিনার নিউজিল্যান্ড অধিনায় ডেনিয়েল ভেট্টোরিও। তিনিও দুই ইনিংস মিলিযে ৯ উইকেটই শুধু নেননি, ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৩ উইকেটের জয়ে তার ব্যাটিংও (অপরাজিত ৫৫ ও ৭৬) রেখেছিল অগ্রণী ভূমিকা। দুয়েমিলে ম্যাচ সেরার স্বীকৃতি পাওয়া কিউই অধিনায়কের ব্যাটিং বুঝিয়ে দিয়েছিল, এই উইকেটে টিকে থাকতে পারলে রান করা যায়। রুহুল আমিন স্টেডিয়ামের কিউরেটরও বললেন একই কথা, "এটা হবে এক কথায় স্পোর্টিং উইকেট।"
এবার চট্টগ্রামে গিয়ে তাই আশরাফুলদের স্বপ্ন আরো রঙ্গীন হতেই পারে। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামার আগে ছিল ওয়ানডেতে দারুণ এক জয়ের স্মৃতি। এবার সিরিজের শেষ টেস্ট কেলতে নামার আগে থাকছে, ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম চারশো ছাড়ানো ইনিংস গড়ার তৃপ্তি। আরো থাকছে আশরাফুলের পঞ্চম টেস্ট সেঞ্চুরি, সাকিবের ম্যাচ সেরা হওয়া এবং টেস্ট ক্রিকেটে একাদশ সর্বোচ্চ চতুর্থ ইনিংস (৪১৩) খেলার কৃতিত্ব। তবে শ্রীলঙ্কারও অনুপ্রেরণার অভাব নেই কোনো। বাংলাদেশের বিপক্ষে ১০ টেস্ট খেলে ৮৬ উইকেট নেওয়া মুত্তিয়া মুরালিধরন তো আছেনই। যিনি ঢাকা টেস্টেও নিয়েছেন ১০ উইকেট। তার সঙ্গে এবার যোগ হচ্ছেন দেশের মাটিতে তার অভিষেক সিরিজে (তিন টেস্টের সিরিজ) ২৬ উইকেট নিয়ে একাই ভারতকে ধ্বসিয়ে দেওয়া 'স্পিন বিস্ময়' অজন্তা মেন্ডিসও।
গোঁড়ালির ইনজুরির জন্য সিরিজের প্রথম টেস্ট মিস করা এই রহস্যময় স্পিনার দেশের বাইরে তার প্রথম টেস্ট খেলতে নামছেন চট্টগ্রামে। এটাকেও নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি। বৃহষ্পতিবার সকালের অনুশীলনে শ্রীলঙ্কা দলের বেশিরভাগ খেলোয়াড়ই না গেলেও মেন্ডিসের সঙ্গে রুহুল আমিন স্টেডিয়ামে গিয়েছিলেন কুমার সাঙ্গাকারাও। সেখানে তার সিরিয়াস ব্যাটিং অনুশীলনের অর্থ একটাই- ঢাকায় বড় ইনিংস খেলতে না পারার অতৃপ্তি ঘোঁচানো। এদিন সকালে চট্টগ্রাম গিয়ে পৌছানো বাংলাদেশ দলও অনুশীলন করেছে। যাতে যোগ দিয়েছিলেন অধিনায়ক আশরাফুল, তামিম ইকবাল ও রাজিন সালেহসহ জনা সাতেক ক্রিকেটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫০ঘ.
bdnews24