২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমাকে নাটের গুরু বলা পুরোপুরি ভুল: আশরাফুল

বাংলাদেশের ক্রিকেটাঙ্গন এখন তুমুল ব্যস্ত আইসিএল নিয়ে ব্যবচ্ছেদে। নাম জড়িয়ে যাওয়ায় তার উত্তাপ স্বাভাবিকভাবেই মোহাম্মদ আশরাফুলের মধ্যেও সঞ্চারিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সামনে নিউজিল্যান্ডের সঙ্গে কঠিন সিরিজ। অথচ বাংলাদেশের ক্রিকেটাঙ্গন এখন আইসিএল নিয়ে ব্যবচ্ছেদেই বেশি ব্যস্ত। তার উত্তাপ মোহাম্মদ আশরাফুলের মধ্যেও সঞ্চারিত। বুধবার প্র্যাকটিস শেষে বাংলাদেশ দলের অধিনায়ককে কথা বলতে হলো আইসিএল নিয়েই। তাদের প্রস্তাব পাওয়া, সেই প্রস্তাবে সাড়া না দেয়া; এ সবের বাইরে তার 'বিতর্কিত' ভূমিকা নিয়েও অনেক কথা বললেন আশরাফুল। প্রশ্ন : আইসিএল বিতর্কের নেপথ্যে ছিলেন বলে অভিযোগ আছে আপনার বিরুদ্ধে..। মোহাম্মদ আশরাফুল : এজেন্টের মাধ্যমে আইসিএলের অফার আমার কাছেই এসেছিল প্রথম। তিন বছরের জন্য তারা আমাকে ২১ লাখ ডলার অফার করেছিল। অফার পাওয়ার সঙ্গে সঙ্গেই যাদেরকে জানানোর প্রয়োজন ছিল তাদেরকে আমি বিষয়টা জানিয়েছি। প্রধান নির্বাচক ও লিপু ভাইকে জানাই যে আমার এ ধরনের একটা অফার আছে। আমার কোচ ওয়াহিদুল গনি স্যারকেও জানাই। লিপু ভাইকে জিজ্ঞেস করলাম, এখন আমি কী করবো। তখন বলা হল, "এখানে খেললে তুমি বাংলাদেশের হয়ে আর খেলতে পারবে না।" আবার সামনে ভালো পারফর্ম করলে আইপিএলে খেলার সম্ভাবনার কথাও বলা হল। সঙ্গে সঙ্গেই আমি এজেন্টকে 'না' করে দেই। এর পরের ঘটনা আর আমি কিছু জানি না। প্রশ্ন : কিন্তু আইসিএলের এজেন্টের সঙ্গে অন্য খেলোয়াড়দের যোগাযোগই নাকি হয়েছিল আপনার মাধ্যমে? আশরাফুল : যে এজেন্টের কথা আমি বলছি তার সঙ্গে আমাদের অনেক ক্রিকেটারেরই সম্পর্ক আছে। উনি আমাদের কয়েকজন ক্রিকেটারের স্পনসর জোগাড় করে দিয়েছেন। কয়েক জন লোকাল ক্রিকেটারকে ইংল্যান্ডে খেলার ব্যবস্থা করে দিয়েছেন। ওই এজেন্টকে বেশিরভাগ ক্রিকেটারই চেনে। সুতরাং তার সঙ্গে আমার মাধ্যমেই অন্যদের যোগাযোগ হয়েছিল, এটা ঠিক নয়। তাছাড়া ওই এজেন্টের সঙ্গে আমার সামনাসামনি কোনো দিন কথা হয়নি, ফোনেই কথা হয়েছে। প্রশ্ন : অন্যরা যে যাচ্ছে, এটা তো বিসিবিকে জানাননি। আশরাফুল : অন্যরা কারা কারা যাচ্ছে এটা জানলে তো জানাতাম। আমি শুধু আমারটাই জানতাম। এবং বোর্ডকে জানিয়ে আমি আইসিএলে না যাওয়ার সিদ্ধান্ত নেই। কারণ আমি টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলতে চাই। অন্যরা যে গেছে তা আমি ইংল্যান্ডে যাওয়ার দু'দিন পরে জানি। নিউজপেপারে দেখলাম, আমাকে 'নাটের গুরু' বলা হচ্ছে। আসলে এটা পুরোপুরি ভুল ধারণা। এ বিষয়ে কোনো ধারণাই আমার ছিল না। আমি ইংল্যান্ডে গিয়েছিলাম ছুটি কাটাতে। আর সঙ্গে দুটো চ্যারিটির কাজেও। সিডর আক্রান্ত মানুষদের জন্য রিলিফ ওঠানোর কাজে অংশ নিয়েছি সেখানে। প্রশ্ন : অন্যদের যাওয়ার বিষয়টা কী এমনকি অস্ট্রেলিয়া সফরের সময়ও টের পাননি? আশরাফুল : অস্ট্রেলিয়া সফরের মাঝপথে কোচ আমাকে বলেছিলেন, "তোমার ক্রিকেটারদের কিন্তু আইসিএলে যাওয়ার ভালো চান্স আছে।" তারপর সবাইকে জিজ্ঞেস করলাম। কিন্তু কেউই স্বীকার করেনি। অথচ আমার যে অফার এসেছিল এটা ক্রিকেট বোর্ডের অনেকেই জানতেন। জানতেন আমার পরিচিতজনরাও। কিন্তু ওরা যে এমন একটা কাজ করেছে, তা আমি পত্রিকা থেকেই জেনেছি। প্রশ্ন : জাতীয় দলের প্রতি ক্ষোভও নাকি অনেকের আইসিএলে যোগ দেওয়ার কারণ। আপনি কী বলেন? আশরাফুল : ক্ষোভ থেকে থাকলে সেটা তাদের প্রকাশ করা উচিত ছিল। আমি কাল খেলবোই, এমন কথা বলার সুযোগ নেই। পারফর্ম না করলে দলে থাকার নিশ্চয়তা থাকে না। যেমন এখন আপনারা আমার ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলছেন। কেন বলছেন? পারফরম্যান্স নেই বলেই তো! ফিল্ডিং সেট আপ কিংবা বোলিং চেঞ্জ নিয়ে তো কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা ব্যাটিংয়ে। আমার রান হচ্ছে না বলেই কথা উঠছে। যারা ক্ষোভের কথা বলেছেন, তারা পারফর্ম করছিলেন না বলেই টিমে ছিলেন না। এমন ক্রিকেটার নেই যে পারফর্ম করেছে কিন্তু তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। আসলে সিলেকশনটা আমরা প্লেয়াররাই করি। সিলেক্টর, কোচ কিংবা ক্যাপ্টেনরা করেন না। পারফর্ম করলে আন্তর্জাতিক পর্যায়ে খেলবেন। না করলে সোজা কথা, দলের বাইরে থাকবেন। প্রশ্ন : কিন্তু আইসিএলে যোগ দেওয়া অনেকেই বলেছেন, এমনকি তাদের টাকা-পয়সার বিষয়ও নাকি আপনিই ঠিক করে দিয়েছিলেন। আশরাফুল : আসলে আমি তো বলতে পারবো না ওরা কেন এরকম বলছে। সেরকম কিছু হলে তো আমিই যেতাম। যেখানে ১৫ কোটি টাকার অফার ছিল আমার। টাকাটা অনেক বড় বিষয় ছিল। তবুও আমি 'না' করে দেই। আমার দিক থেকে আমি ক্লিয়ার ছিলাম। এখন তারা কেন ওরকম বলছেন, এটা তারা জানেন। প্রশ্ন : ধীমান ঘোষ দাবি করেছেন যে আপনি তাকে বলেছেন, "ত্ইু তো দলে আসা-যাওয়ার মধ্যে থাকবি। তার চেয়ে ভালো আইসিএলে খেলে টাকা কামিয়ে নে।" আশরাফুল : কে বলেছে? (জবাব পাওয়ার পর), ও যদি বলে থাকে তাহলে আমার সামনে এসে বলতে পারলে আরো খুশি হবো। প্রশ্ন : আইসিএলে যাওয়া অনেকে এও বলেছেন, তাদের প্রস্তাব দেওয়ার পর তারা আপনাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি যাচ্ছেন কিনা? আপনি 'হ্যাঁ' বলাতেই তারা আরো উৎসাহিত হয়েছেন। কারণ ক্যাপ্টেন যখন যাচ্ছে তখন তারা তো যেতেই পারে। এই অভিযোগের জবাবে কী বলবেন? আশরাফুল : নিউজপেপারে আমিও দেখেছি এসব। যেমন বলা হয়েছে আফতাব ও শাহরিয়ার নাফীসকে নাকি আমিই পাঠিয়ে দিয়েছি। কারণ ওরা ভবিষ্যতের ক্যাপ্টেন। আমি তাই ওদের রাস্তা বন্ধ করতেই এসব করেছি। যদি ওরা ভবিষ্যতের ক্যাপ্টেনই হয়ে থাকে, তাহলে তো এতটুকু বুদ্ধি থাকা উচিত ছিল যে আমি তাদের পাঠিয়ে দিচ্ছি। এগুলো পুরো ভুল কথা। প্রশ্ন : আচ্ছা, আইসিএলে যাওয়াটা কী আপনি সমর্থন করেন? আশরাফুল : আইসিএলে খেলার বিষয়ে যেহেতু ক্রিকেট বোর্ড ও আইসিসির মানা আছে, তাই আমি কোনো কমেন্ট করতে পারবো না। কিন্তু আমি বলবো যারা এখান থেকে আইসিএলে গেছেন তাদের জন্য বাংলাদেশের রাস্তা এখনো খোলা আছে। আমারই তো সবচেয়ে বড় অফার ছিল। কিন্তু আমি দেশের হয়ে খেলতে চেয়েছি। ওরা যদি আসতে চায়, অবশ্যই আমি সুপারিশ করতে পারবো। আমার বিশ্বাস ক্রিকেট বোর্ডও ওদের জন্য ফাইট করবে। যারা গেছে, এতে তাদেরই ক্ষতি হয়েছে। প্রশ্ন : এমনও শোনা গেছে নেতৃত্ব থেকে সরিয়ে দিলেই আপনি আইসিএলে চলে যাবেন। আশরাফুল : দেখুন আমি আইসিএল বিষয়টা আগেই ক্লোজ করে ফেলেছি। এখন আমাকে বিশ্রাম কেন, ড্রপও যদি দেওয়া হয়, তাহলেও আমি যাবো না। এখন আমার বয়স ২৪। আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে আরো ১০ বছর পড়ে আছে আমার সামনে। পরবর্তী দুই বছরও যদি দলে না থাকি, আশা করি পারফর্ম করে আবার দলে ঢুকবো। আর বিশেষ করে ব্যাটসম্যানদের ২৭ বছরের পরেই সেরা খেলাটা আসে। তাই আইসিএল নিয়ে ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, যদি ক্রিকেট বোর্ড ও আইসিসি অনুমোদন দেয়, তাহলে হয়তো আইসিএলে যাওয়া সম্ভব। আর এখন যেহেতু আইপিএলই অনুমোদিত, তাই ভালো খেলে সেখানেই যাওয়ার চেষ্টা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/এসকে/১৬২৪ঘ.