ওয়েলিংটন, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না ক্রিস মার্টিন। কারণ হ্যামস্ট্রিংয়ে চোট। অবশ্য ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর দুই টেস্টের সিরিজে তাকে পাওয়ার আশা করছে নিউজিল্যান্ড দল।
এ মৌসুমে ইংলিশ কাউন্টি ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান মার্টিন। দেশে ফিরে এখন চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। এই ডানহাতি পেসারকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না বলেই ওয়ানডে সিরিজে তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। তার জায়গায় ওয়ানডে দলে নেয়া হচ্ছে মাইকেল ম্যাসনকে।
প্রায় এক মাসের সফরে আগামী মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে কিউইরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ অক্টোবর থেকে। ১৭ অক্টোবর থেকে শুরু প্রথম টেস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৩৩ঘ.
bdnews24