মুম্বাই, ২২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যে কোনো দলের জন্য ভারত সফর মানেই কঠিন পরীক্ষার সামনে দাঁড়ানো। কিন্তু সোমবার চার টেস্টের সিরিজ খেলতে মুম্বাইয়ে পৌঁছানোর পর রিকি পন্টিংয়ের মুখে সবার আগে শোনা গেল নিরাপত্তার কথা। 'টিম ইন্ডিয়া'র সঙ্গে আসন্ন কঠিন লড়াইয়ের চেয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক সম্ভবত নিরাপত্তা নিয়েই বেশি দুশ্চিন্তায়।
সেটা অবশ্য অস্বাভাবিক কিছু নয়। চার টেস্টের একটির ভেন্যু দিল্লীতে গত ১৩ সেপ্টেম্বর এক ভয়াবহ সিরিজ বোমা হামলায় অন্তত ২০ জনের মৃত্যু সিরিজটাকেই ঠেলে দিয়েছিল অনিশ্চয়তার মধ্যে। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে গড়া একটি দলের পর্যবেক্ষণ এবং তাদের আশ্বাসের ভিত্তিতে ভারত সফরটা বাতিল করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা প্রাথমিকভাবে আশ্বস্ত হলেও এখনো পুরোপুরিভাবে আশঙ্কামুক্ত হয়নি। ভারতে নিরাপত্তা-বলয়ের মধ্যে সাগ্রহেই থাকতে চাইছেন তারা। পন্টিংও জানালেন সেটাই, "এই মুহূর্তে পৃথিবীর যা অবস্থা এবং আমরা যে সব দেশে খেলছি তাদের মধ্যে কয়েকটির যা অবস্থা তাতে করে অধিনায়ক হিসাবে আমার জন্য ও জাতীয় দলের সব খেলোয়াড়ের জন্য যত বেশি সম্ভব নিরাপত্তা বেষ্টনির মধ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
দিল্লীতে বোমা হামলার পরও ভারতে আসতে আপত্তি জানায়নি অস্ট্রেলিয়া। অথচ গত মার্চে পাকিস্তান সফর তারা বাতিল করেছিল, আপত্তি জানিয়েছিল পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে। পাকিস্তানে আসতে না পেরে পন্টিং নিজে অবশ্য হতাশ। সেই সঙ্গে গত শনিবার ইসলামাবাদের পাঁচ-তারকা ম্যারিয়ট হোটেলে ট্রাক-বোমা হামলায় অন্তত ৫৩ জনের নিরীহ মানুষের মৃত্যু ক্ষুব্ধ করে তুলেছে অস্ট্রেলীয় অধিনায়কের হৃদয়কে, "এটা খুবই দুঃখজনক যে পাকিস্তানে এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। কারণ বিশ্বাস করুন আর না-ই করুন, খেলোয়াড় হিসাবে প্রত্যেকেই বিশ্বের সব জায়গা সফর করতে চায়। বিশ্বের সব ধরনের কন্ডিশনেও সে খেলতে চায়। দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে আমরা পাকিস্তান সফরে যেতে পারছি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯২৫ঘ.
bdnews24