ঢাকা, ২১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অবসরের চিঠি প্রত্যাহার এবং আইসিএলের সঙ্গে চুক্তি বাতিল করলেই কেবল আলোচনা হতে পারে, বিসিবি'র এমন অনড় অবস্থান আগেই জেনে গেছেন হাবিবুল বাশাররা। জানিয়ে দিয়েছেন এমন শর্ত মানা এখন আর তাদের পক্ষে সম্ভব নয়। তারওপর মিডিয়ার মাধ্যমে একে অন্যের বিরুদ্ধে বিষোদগার দেখে মনে হচ্ছিল তাদের মুখ দেখাদেখিও বোধহয় বন্ধ হয়ে যাবে। কিন্তু আসলে তা নয়। রোববার প্রেস ক্লাবে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ইফতারে বোর্ড কর্তাদের সঙ্গে হাবিবুলের দেখা হয়ে যাওয়ার পর গত কিছূদিনের শীতল সম্পর্কের ছাপ অবশ্য দেখা গেল না।
ইফতার সেরে বেরিয়ে যাওয়ার সময় হাবিবুলের মুখোমুখি হতেই বিসিবি'র মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি বললেন, "কী খবর সুমন, কেমন আছো?" জবাব পাওয়ার পর অবশ্য আর কথা বেশি বাড়ালেন না ববি। "যোগাযোগ রেখ"- বলে বেড়িয়ে গেলেন। একটু পরে হাবিবুলকে দেখে কাছে ডেকে কথা বললেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপুও। বাংলাদেশ দলের এই দুই সাবেক অধিনায়কের কথোপকথনের পর লিপু উপস্থিত সাংবাদিকদের হাসতে হাসতে বললেন, "আসলে দু'জন খেলোয়াড়ের যখন দেখা হয়ে যায়, তখন তারা কথা না বলে থাকতেই পারে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪৫ঘ.
bdnews24