২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্রোহী'দের আলোচনার পথও এখন বন্ধ

আইসিএলের চুক্তিতে সই করে এসে হাবিবুল বাশাররা বুধবার জানিয়েছিলেন, তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এখন বসতে চান। কিন্তু বৃহস্পতিবার দু'পক্ষের মধ্যে কোনো ধরনের যোগাযোগ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আর দুই পক্ষের মধ্যে আলোচনার পথও এখন রুদ্ধ বলেই মনে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আইসিএলের চুক্তিতে সই করে এসে হাবিবুল বাশাররা বুধবার জানিয়েছিলেন, তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এখন বসতে চান। কিন্তু বৃহস্পতিবার দু'পক্ষের মধ্যে কোনো ধরনের যোগাযোগ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আর দুই পক্ষের মধ্যে আলোচনার পথও এখন রুদ্ধ বলেই মনে হচ্ছে। কারণ 'বিদ্রোহী' ক্রিকেটারদের জন্য আলোচনায় বসার দুটো পূর্বশর্ত দিয়েছে বিসিবি। আর দুই পক্ষের মধ্যে এখন দৃশ্যত যোগাযোগের মাধ্যম মিডিয়ার কাছ থেকে শুনে আইসিএলে 'ঢাকা ওয়ারিয়র্স' দলের অধিনায়ক হাবিবুল বাশার জানিয়ে দিয়েছেন, তাদের পক্ষে এ সব শর্ত মানা 'অসম্ভব'। বিসিবি'র মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববির কাছে এখন হাবিবুলদের আলোচনায় বসার আগ্রহকে 'স্ববিরোধী' বলেই মনে হচ্ছে, "মিডিয়ার কাছ থেকেই জানতে পারলাম তারা এখন বিসিবির সঙ্গে কথা বলতে চান। কিন্তু সেটা তো আমরা আরো আগেই চেয়েছিলাম। চিঠি দেওয়া ছাড়াও আরো অনেক ভাবেই তাদের কাছে এই বার্তাটা পৌঁছানো হয়েছিল। ফোন করা হয়েছে, এসএমএস পাঠানো হয়েছে। আমরা তাদের জন্য দু'দিন অপেক্ষাও করেছি। কিন্তু তারা বিদেশে চলে গিয়েছিলেন। যাওয়ার আগে মিডিয়ায় নানারকম বক্তব্যও দিয়ে গেছেন। এখন আবার তাদের বিসিবি'র সঙ্গে বসতে চাওয়া আমাদের কাছে স্ববিরোধী বলেই মনে হচ্ছে।" তারপরও যদি ক্রিকেটাররা আলোচনায় বসতে চান, সেক্ষেত্রে কঠিন দুটো শর্তই মানতে হবে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানানো বিসিবির শর্ত দুটো এরকম, "তাদেরকে আগে অবসরের চিঠি প্রত্যাহার করতে হবে। এবং আইসিএলের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে। তারপরেই আমরা ভেবে দেখবো যে তাদের সঙ্গে আলোচনায় বসা যায় কিনা।" এ প্রসঙ্গে প্রথমে সাবধানতাই অবলম্বন করতে চাইলেন বাংলাদেশের সফলতম অধিনায়ক হাবিবুল বাশার। বললেন, "দেখুন এখন আমরা মিডিয়ার কাছ থেকে শুনে কিছু বলতে চাই না। দেখা যাক কী হয়। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে দেখি। আইসিএলে খেলতে যাওয়ার আগেই আমরা বিসিবি'র সঙ্গে আলোচনা করে যেতে চাই।" কিন্তু সেই আলোচনার আগে যদি শর্ত থাকে আইসিএলের চুক্তি বাতিলের, তাহলে? এবার হাবিবুলের জবাবটা এলো সরাসরি, "সেটা তো আর সম্ভব নয়। এরকম শর্ত থাকলে আলোচনায় বসা কঠিন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২২০৮ঘ.