২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইমন্ডসের বোধোদয়ে খুশি পন্টিং

টিম মিটিং ফেলে মাছ ধরতে যাওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ান দল থেকে বহিস্কৃত হয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। কাজটা যে ঠিক হয়নি, সেটা তিনি স্বীকার করেও নিয়েছেন মঙ্গলবার। আর তার মুখে এই বোধোদয়ের কথা শুনে অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং শুনিয়েছেন আশার বাণী, তার মনে হচ্ছে অস্ট্রেলিয়ান দলে ফেরার পথেই আছেন সাইমন্ডস!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 03:38 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, ১৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিম মিটিং ফেলে মাছ ধরতে যাওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ান দল থেকে বহিস্কৃত হয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। কাজটা যে ঠিক হয়নি, সেটা তিনি স্বীকার করেও নিয়েছেন মঙ্গলবার। আর তার মুখে এই বোধোদয়ের কথা শুনে অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং শুনিয়েছেন আশার বাণী, তার মনে হচ্ছে অস্ট্রেলিয়ান দলে ফেরার পথেই আছেন সাইমন্ডস! সাইমন্ডসকে যখন অস্ট্রেলিয়া দল থেকে 'বহিস্কার' করা হয়, তখন তিনি ছিলেন না দৃশ্যপটে। কিন্তু ডারউইনে না থাকলেও ওই সিদ্ধান্ত নেওয়ায় রিকি পন্টিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগের ওই ঘটনাই শুধু নয়, তার আগেও কিছুদিন ধরে সাইমন্ডসের আচরণ 'গ্রহণযোগ্য' ছিল না বলেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ারই উদ্যোগে চলছে এই অলরাউন্ডারের 'পুনর্বাসন'-এর উদ্যোগ। ক্রিকেটের প্রতি তার কমিটমেন্ট ফেরাতে সব রকমের সাহায্য করা হচ্ছে তাকে। আর সেই সূত্র ধরেই মঙ্গলবার রাজ্য দলের কুইন্সল্যান্ডের পক্ষে অনুশীলনে ফিরেছেন সাইমন্ডস, ফিরেই স্বীকার করে নিয়েছেন, সত্যিই তার আচরণ 'গ্রহণযোগ্য' ছিল না। এই বোধোদয়ের ব্যাপারটাই আশাবাদী করে তুলেছে পন্টিংকে, "আমার তো মনে হয় গত দুদিনে অ্যান্ড্রুর ব্যাপারে বেশ কিছু ইতিবাচক দিক চোখে পড়েছে। মিডিয়ার সামনে এসে ও স্বীকার করে নিয়েছে ওর জীবনযাত্রার সুনির্দিষ্ট কিছু বিষয়ে আরো উন্নতি করার সুযোগ আছে।" টেস্ট, ওয়ানডে দুধরনের ক্রিকেটেই সাইমন্ডস ছিলেন অস্ট্রেলিয়া দলের অপরিহার্য সদস্য। গত বছর দুয়েক ধরে দারুণ ফর্মেও ছিলেন তিনি, এটা স্বীকার করে নিয়েই অস্ট্রেলিয়ান অধিনায়ক বার্তা সংস্থা এএপিকে বলেছেন, "আশা করি ব্যক্তিগতভাবে সে যদি এই ব্যাপারগুলো মিটিয়ে ফেলতে পারে আমরা শীগগীরই তাকে আবার দলে ফিরে পাবো।" পন্টিং যদিও বলছেন, সাইমন্ডসকে যত দ্রুত সম্ভব দলে দেখতে পেলেই খুশি হবেন, কিন্তু আগামী নভেম্বরের আগে সেই সুযোগ পাচ্ছেন না তিনি। ভারতের বিপক্ষে সিরিজের দলে তাকে নেওয়া হয়নি, আর এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ানদের পরের সিরিজটা শুরু হবে নভেম্বরেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১২৫ ঘ.