২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার 'দ্বৈত-নীতি'তে ক্ষুব্ধ পিসিবি

নিরাপত্তাহীনতার আশঙ্কায় পাকিস্তান সফরে আসতে অনিচ্ছুক অস্ট্রেলিয়া। অথচ দিল্লীতে সিরিজ বোমা হামলার পরও ভারত সফরে আসছে তারা। অস্ট্রেলিয়ার এমন 'দ্বৈত-নীতি'তে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি ভীষণ ক্ষুব্ধ। ক্ষোভের সুরেই তাদের অভিযোগ, বড় অংকের অর্থ জড়িয়ে আছে বলেই সফর বাতিল না করে ভারত সফরে আসতে আপত্তি করেনি অস্ট্রেলিয়া!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 12:37 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

করাচি, ১৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিরাপত্তাহীনতার আশঙ্কায় পাকিস্তান সফরে আসতে অনিচ্ছুক অস্ট্রেলিয়া। অথচ দিল্লীতে সিরিজ বোমা হামলার পরও ভারত সফরে আসছে তারা। অস্ট্রেলিয়ার এমন 'দ্বৈত-নীতি'তে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি ভীষণ ক্ষুব্ধ। ক্ষোভের সুরেই তাদের অভিযোগ, বড় অংকের অর্থ জড়িয়ে আছে বলেই সফর বাতিল না করে ভারত সফরে আসতে আপত্তি করেনি অস্ট্রেলিয়া! গত মার্চে পাকিস্তানে টেস্ট সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া। কারণ নিরাপত্তাহীনতার আশঙ্কা। একই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তানে আসতে আপত্তি জানিয়েছিল তারা। অস্ট্রেলিয়া সহ চারটি দেশের আপত্তির কারণেই গত মাসে ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টটি প্রায় এক বছরের জন্য স্থগিত করে আইসিসি। সেজন্যই দিল্লীর বোমা হামলার পর বেশ আশঙ্কায় পড়ে গিয়েছিল ভারতের ক্রিকেটাঙ্গন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে কড়া নিরাপত্তার আশ্বাস পেয়ে সফরটা বাতিল করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া বা সিএ। চার টেস্টের সিরিজ খেলতে নির্ধারিত সময় অর্থাৎ আগামী রোববারই দেশ ছাড়ছে রিকি পন্টিংয়ের দল। এটাই ক্ষুব্ধ করে তুলেছে পিসিবিকে। সমস্যা একই হলেও দু দেশের ব্যাপারে দু ধরনের নীতি মেনে চলায় সিএ'র কড়া সমালোচনা করেছে তারা। পিসিবি'র চিফ অপারেটিং অফিসার শাফকাত নাগমি উষ্মার সঙ্গে বলেছেন, "অস্ট্রেলীয়দের দ্বৈত-নীতিই এ ব্যাপারে প্রতিফলিত। পাকিস্তানে খেলার সময় কড়া নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা দিলেও তারা সেটা গ্রহণ করতে পারেনি। কিন্তু তারা ভারতীয়দের নিশ্চয়তা গ্রহণ করেছে আর ভারতের মাটিতে খেলার ইচ্ছাও প্রকাশ করেছে। অথচ সে দেশের গুরুত্বপূর্ণ ক্রিকেট ভেন্যুগুলোতে গত কয়েক মাসে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটেছে। এমনকি দিল্লীতেও একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। আমরা জানতে চাই ভারতের সঙ্গে পাকিস্তানের ভিন্নতা কোন্ জায়গায়?" যাহোক এ বছর নিজেরা বঞ্চিত হলেও অস্ট্রেলিয়ার ভারত সফর আশার আলোও দেখাচ্ছে পাকিস্তানকে। আগামী এপ্রিলে অস্ট্রেলিয়ার পাকিস্তানে আসার কথা। পিসিবি'র আশা, এই সফরে এসে তাদের দুঃখ কিছুটা হলেও ভুলিয়ে দেবে অস্ট্রেলিয়া। শাফকাত নাগমির কথাতেও সেই ইঙ্গিত, "এক হিসাবে তারা (অস্ট্রেলিয়া) ভারতে যাচ্ছে বলে আমরা আনন্দিত। আশা করি আগামী এপ্রিলে পাকিস্তান সফর করে নিজেদের অঙ্গীকারও পূরণ করবে তারা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৩০ঘ.