ঢাকা, ১৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আইসিএল-এ চুক্তিভুক্তদের ১০ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার অনুষ্ঠিত ক্রিকেট বোর্ডের জরুরী সভায় এ সিদ্ধান্ত নিয়ে জানানো হয়েছে, এদিন থেকেই এটা কার্যকরী হবে।
''আইসিসি এবং বিসিবি'র অনুমোদনহীন আইসিএল-এ বাংলাদেশের চুক্তিভুক্ত কিংবা রেজিস্টার্ড কোনো ক্রিকেটার যোগ দিলে তাদেরকে দশ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে''-- বোর্ড সভা শেষে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী। যদিও কারা কারা বোর্ডের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে সেটা পুরোপুরি খতিয়ে দেখার আগে ক্রিকেট বোর্ড নিষিদ্ধদের নাম ঘোষণা করছে না আনুষ্ঠানিকভাবে। এসব খতিয়ে দেখার জন্য একটা কমিটি করা হয়েছে সভায়।
কিন্তু রেজিস্টার্ড ক্রিকেটারদেরও যদি ধরা হয় তাহলে আইসিএল-এ যাওয়া সব ক্রিকেটারই গতকাল থেকে নিষিদ্ধ হয়ে গেছেন। যার অর্থ আইসিএল-এর সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হাবিবুল বাশার, শাহরিয়ার নাফীস, অলক কাপালি এবং ধীমান ঘোষরা ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়ে গেছেন বুধবার থেকেই।
বিকেল সাড়ে তিনটায় জরুরী সভায় বসার আগে বিসিবি ডেকে পাঠিয়েছিল সাবেক অধিনায়ক এবং ক্রিকেটারদেরও। বিসিবির ডাকে সাড়া দিয়ে আইসিএলে যোগ দেওয়া ক্রিকেটারদের বিষয়ে নিজেদের মতামত দিয়ে গেছেন সাবেক অধিনায়ক শামীম কবীর, রকিবুল হাসান, শফিকুল হক হীরা, মিনহাজুল আবেদীন নান্নু এবং সাবেক ক্রিকেটার আজহার হোসেন শান্টু ও গোলাম ফারুক সুরুরা। এরপর সোয়া দুই ঘন্টার জরুরী সভাশেষে সন্ধ্যা পৌনে ছয়টায় সংবাদ সম্মেলনে আইসিএলে যোগ দেওয়া ক্রিকেটারদের বিষয়ে বিসিবির সিদ্ধান্ত জানান সভাপতি।
তিনি জানিয়েছেন, এর সাথে আইনগত দিক থাকলে সেটাও বিবেচনা করে দেখা হবে। ভবিষ্যতে ক্রিকেটারদের এধরনের কর্মকান্ড রুখতে বর্তমান চুক্তিকে আরো শক্তিশালী করারও সিদ্ধান্ত হয়েছে এই জরুরী সভায়, "এধরনের দুর্ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, চুক্তিতে এটা নিশ্চিত করার জন্য একটা কমিটি গড়ে দেওয়া হয়েছে। কমিটি ১০ দিনের মধ্যে রিপোর্ট দেবে। এই মুহূর্তে ক্রিকেটারদের চুক্তিভঙ্গের বিষয়টিতেই আমরা বেশি জোর দিচ্ছি।"
ক্রিকেটারদের এভাবে দল বেঁধে আইসিএলের যোগ দেওয়ার পেছনে অন্য কারো হাত থাকতে পারে বলে গুঞ্জন আছে ক্রিকেটাঙ্গনে। আর বিসিবিও এটাকে হেলাফেলা করছে না। সেজন্য এটাও খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেজর জেনারেল সিনা ইবনে জামালী, "এর পেছনে মদদদাতা কারা, একটা প্রক্রিয়ার মাধ্যমে এটাও জানার সিদ্ধান্ত আমরা নিয়েছি।" অবশ্য এখনো সিদ্ধান্ত হয়নি কাদের এক্ষেত্রে কাজে লাগানো হবে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সরকারী গোয়েন্দা সংস্থার শরণাপন্ন হওয়ারও চিন্তাভাবনা চলছে।
তবে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে ফেললেও ক্রিকেটারদের জন্য বিসিবির দরজা খোলাই থাকবে যদি তারা ফিরে আসেন। বিসিবি সভাপতির ভাষ্য সেরকমই, "দেশের স্বার্থে, ক্রিকেটের স্বার্থে এবং নিজেদের স্বার্থে আমি ওদেরকে দ্বিতীয় এবং তৃতীয়বার চিন্তা করার আহবান জানাচ্ছি। ওখানেও (আইসিএল) কিন্তু চুক্তি করতে হয়েছে। ভালো না করলে সেখান থেকেও গলাধাক্কা দেওয়া হবে। আমরা ওদের সঙ্গে কখনোই এধরনের আচরণ করিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮২৫ঘ.
bdnews24