করাচি, ১৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবেদন করে নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছর থেকে দেড় বছরে নামিয়ে আনলেও জরিমানা থেকে তিনি রেহাই পাননি। ৭০ লাখ পাকিস্তানি রুপির সেই জরিমানা কিন্তু এখনো দেননি শোয়েব আখতার। আর এ নিয়েই যত গোলমাল! পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি'র আইনজীবি তফাজ্জুল রিজভীর কড়া হুঁশিয়ারি, জরিমানা শোধ না করা পর্যন্ত পাকিস্তানের জাতীয় দল বা ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন না শোয়েব। যার অর্থ আগামী ৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের জনপ্রিয় টোয়েন্টি-টোয়েন্টি জাতীয় চ্যাম্পিয়নশিপে দর্শকের ভূমিকাই শুধু পালন করতে হবে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'কে।
"তাকে সবার আগে জরিমানা পরিশোধ করতে হবে। অথবা এই শাস্তির বিরুদ্ধে আদালতের স্থগিতাদেশ পেতে হবে। নাহলে সে পাকিস্তানের পক্ষে কিংবা পাকিস্তানের কোথাও কোনো পর্যায়ের ক্রিকেটেই খেলতে পারবে না"--- হুমকির সুরেই বলেছেন রিজভি। শোয়েবের আবেদনের প্রেক্ষিতে গত জুনে পিসিবি'র বিশেষ ট্রাইবুনাল নিষেধাজ্ঞার মেয়াদ সাড়ে তিন বছর কমালেও জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছিল তাকে। এর পর দেড় বছরের নিষেধাজ্ঞা এবং ৭০ লাখ রুপির (৯১,৪৫৫ মার্কিন ডলার) জরিমানার বিরুদ্ধে লাহোর হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেন শোয়েব। আদালত মামলা শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত ঘোষণা করলেও জরিমানার ব্যাপারে কিছু বলেনি।
এটাকেই শোয়েবের বিরুদ্ধে হাতিয়ার হিসাবে তুলে ধরছে পিসিবি। রিজভির মতে যেহেতু এ প্রসঙ্গে আদালত কিছু বলেনি তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে শোয়েবের জরিমানার টাকা পরিশোধ করা উচিৎ, "নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের স্থগিতাদেশ আমরা খোলা মনে মেনে নিয়েছি। এখন আমরা চাই আদালতের নির্দেশ অনুযায়ী শোয়েব জরিমানা পরিশোধ করুক।"
পাকিস্তানে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হলেও এ মুহূর্তে ইংলিশ কাউন্টি সারের হয়ে খেলছেন শোয়েব। রিজভি জানিয়েছেন শোয়েবের নিষেধাজ্ঞাটা শুধু পাকিস্তানের পক্ষে এবং পাকিস্তানের মাটিতে খেলার ওপরেই সীমাবদ্ধ, "এ কারণেই তার সারের পক্ষে খেলার ব্যাপারে আমরা কোনো বাধা দেইনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৪৫ঘ.
bdnews24