২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট বোর্ড তবু আশরাফুলকে দোষী মনে করে না

বাংলাদেশ ক্রিকেটে 'আইসিএল ঝড়' শুরু হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল অভিযোগটা। সোমবার রাতে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে সরাসরি প্রচারিত অনুষ্ঠানে সেটি আরো গুরুতর করে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আনাম। তিনি বলেছেন, "এই ঘটনার জন্য অধিনায়ক আশরাফুল দায়ী। আমি কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে নিশ্চিত হয়েছি যে এরসঙ্গে ও খুব ভালোভাবেই জড়িত ছিল।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেটে 'আইসিএল ঝড়' শুরু হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল অভিযোগটা। সোমবার রাতে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে সরাসরি প্রচারিত অনুষ্ঠানে সেটি আরো গুরুতর করে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আনাম। তিনি বলেছেন, "এই ঘটনার জন্য অধিনায়ক আশরাফুল দায়ী। আমি কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে নিশ্চিত হয়েছি যে এরসঙ্গে ও খুব ভালোভাবেই জড়িত ছিল।" অভিযোগ থাকলেও শুরু থেকেই বিসিবিকে তার পাশেই পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম প্রস্তাবটা তার কাছেই এসেছিল এবং তিনি সেটি প্রত্যাখ্যান করেছেন, বোর্ডকে এটা জানিয়ে রেখেছিলেন বলেই বিসিবির গুডবুকে তার নামটা উঠেই আছে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান গাজী আশরাফ লিপু এটাকেই বারবার গুরুত্ব দিয়ে তবু বলেছেন, "আশরাফুল দেশে ফিরলে তার কাছে জানতে চাওয়া হবে তিনি আসলে কতোটা দায়ী। এতোগুলো প্লেয়ার চলে যাচ্ছে, এটা আমরা খতিয়ে দেখবো নিশ্চয়ই।" মাহবুব আনামের মন্তব্যের প্রসঙ্গ তুলেও আশরাফুলের ব্যাপারে বিসিবির নমনীয় অবস্থান টলানো যায়নি মঙ্গলবার বিকেলের সংবাদ সম্মেলনে। লিপু তখন বলেছেন, "মাহবুব সাহেবকে অনুরোধ করবো তার কাছে যেসব তথ্য আছে সেগুলো যেন তিনি বিসিবিকে দেন।" বিসিবির এক শীর্ষ কর্তা অবশ্য আশরাফুলের পক্ষে তাদের জোরালো অবস্থানের একটা ব্যাখ্যা দিয়েছেন এভাবে, "আশরাফুল যদি আইসিএলে যেতই তাহলে সবচেয়ে বেশি টাকা পাওয়ার কথা ছিল ওর। এই মোহটা কিন্তু ও ত্যাগ করেছে। আমরা এটাকেই সবচেয়ে বড় করে দেখছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২৩০ঘ.