২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের হয়ে খেলেও কোটি টাকা আয় করতেন হাবিবুলরা

বিপুল অঙ্কের অর্থের প্রলোভনেই মূলত আইসিএল নামের হাতছানি উপেক্ষা করতে পারেননি হাবিবুল বাশাররা। কিন্তু দেখা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবেও তাদের আয়-রোজগার নেহাৎ মন্দ ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বিপুল অঙ্কের অর্থের প্রলোভনেই মূলত আইসিএল নামের হাতছানি উপেক্ষা করতে পারেননি হাবিবুল বাশাররা। কিন্তু দেখা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবেও তাদের আয়-রোজগার নেহাৎ মন্দ ছিল না। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে বিসিবি যে তথ্য-উপাত্ত তুলে ধরেছে, তাতে হাবিবুলসহ বেশ কয়েকজনেরই গত তিন বছরের আয় কোটি টাকার ওপরে। মাসিক বেতন, পারফরম্যান্স বোনাস, উইন বোনাস, প্রাইজমানি এবং মেডিক্যাল ইনস্যুরেন্স বাবদ বিসিবির দেওয়া কাঁড়ি কাঁড়ি টাকা এইসব ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্টকে স্ফীত করেছে। সকালে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) এর সংবাদ সম্মেলনেই প্রতিনিধিরা বলেছেন, "আমাদের ক্রিকেটাররা শুধু ভালো টাকাই পায় না, তারা যথেষ্ট মর্যাদাও পায়।" তাদের দাবিকে উঁড়িয়ে দেওয়ার কোনো উপায়ই নেই। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে ২০০৫/০৬ থেকে ২০০৭/০৮, এই তিন মৌসুমে হাবিবুল বাশারের মোট আয় এক কোটি ৭ লাখ ৯৬ হাজার ৪৯৫ টাকা। একই সময়ে আফতাব আহমেদের আয় তার চেয়ে কিছুটা বেশি, এক কোটি ৯ লাখ ৮৭ হাজার ১৩১ টাকা। আর শাহরিয়ার নাফীসও এই সময়ে কামিয়েছেন এক কোটি ২ লাখ ৫১ হাজার ৭৮৭ টাকা। এর বাইরে ক্লাব ক্রিকেট থেকেও মোটা অঙ্কের আয় করেছেন তারা। এবং এছাড়াও তাদের পেছনে বিশাল অঙ্কের খরচ হয়েছে বোর্ডের। তারই একটা ফিরিস্তি দিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু, "আপনারা জানেন ওদের জন্য বিদেশী কোচ এবং বিদেশী কোচিং স্টাফ রাখার জন্য অনেক টাকা খরচ হয়। তাছাড়া তাদের বিদেশ সফরের খরচ ও দৈনিক ভাতা এবং প্র্যাকটিস ফ্যাসিলিটিজ খাতেও ব্যয় হয় অনেক। তাদের পেছনে বিসিবির বিনিয়োগ তাই অনেক।" হাবিবুল, আফতাব ও নাফীসদের বাইরে অন্যদের উপার্জনও কম নয়। ২০০৬/০৭ মৌসুমে ফরহাদ রেজার আয় ৪৬ লাখ ৮১ হাজার ৬২৭ টাকা। আর অল্প কিছুদিন চুক্তিতে থেকেই উইকেটকিপার ধীমান ঘোষ ও বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলদের আয় যথাক্রমে ১২ লাখ ২৬ হাজার ৪১১ টাকা এবং ৩ লাখ ৪১ হাজার ৩১১ টাকা। আর এই দু'জন দীর্ঘদিন থেকেছেন বিসিবির একাডেমীর পরিচর্যায়, এই খাতেও তাই বিসিবির খরচ হয়েছে যথেষ্ট। অঙ্কটা জানাতে না পারলেও লিপু বললেন, "এই খাতে খরচের অঙ্কটা উল্লেখ করার মতো বড়।" আরেক চুক্তিবদ্ধ ক্রিকেটার নাজিমউদ্দিনের মোট আয় অবশ্য জানাতে পারেনি বিসিবি। তিনি এদিনই অবসরের চিঠি দেওয়ায় তার আয়ের হিসাব-নিকাশটা আর করে ওঠা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২০৪৪ ঘ.