ঢাকা, ১৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- খবরটা ছড়িয়ে পড়েছে সকালেই। ভারতের বিদ্রোহী লিগ আইসিএল-এ যোগ দিচ্ছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার! ১৪ জনের তালিকার একটি নাম শাহরিয়ার নাফীস, আর তার মোবাইলটা স্বাভাবিক কারণেই ব্যস্ত খুব। সেই ব্যস্ততার ভেতরে কোনোরকমে ঢুকে যাওয়ার পর অবধারিত প্রশ্ন, খবরটা কি সত্যি? কোনোরকম রাখ-ঢাক না করেই নাফীসের উত্তর,'' হ্যাঁ ভাই, কী শুনেছেন জানি না। তবে আমি আর বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে খেলবো না। সকালেই বোর্ডের কাছে লিখিত দিয়ে এসেছি। খুব কষ্ট নিয়েই বলছি। এর চেয়ে বড় শাস্তি, বড় কষ্ট কী হতে পারে?''
একটানে অনেক কিছু বলে গেলেন এই সেদিনের বাংলাদেশের বর্ষসেরা ক্রিকেটার ও ব্যাটসম্যান।
যদি শাস্তি হয়, বুকের গহীনে কষ্টটা বাজতেই থাকে সারাটা জীবন, তাহলে এই সিদ্ধান্ত কেন!
শাহরিয়ার নাফীসের অনেক কিছু বলার আছে, আবার যেন কিছুই বলার নেই,'' কী বলবো ভাই। বলার কিছু নেই। তবে এইটুকু বলতে পারি বাংলাদেশ দলে আর খেলার পরিবেশ নেই। এই দলে খেলা যায় না। মনে আছে ২০০৭ বিশ্বকাপ? ওখানে আমাদের কী সাফল্য! দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারালাম। এবার আমায় বলুন, দলে যদি খেলার পরিবেশ থাকতো তাহলে দিন দিন দলের পারফরম্যান্স এমন বাজে অবস্থায় যায়? কোথায় বিশ্বকাপের পর আমরা এতদিনে আরো অনেক ওপরে উঠে যাবে, সম্ভাবনাও ছিল অথচ হচ্ছে কী? এখন আমরা ৭৪ রানেও অলআউট হই!''
অস্ট্রেলিয়া সফরটা নাফীস মিস করেছেন পরীক্ষার জন্য। তখনো হয়তো মাথার ভেতরে ঘুরছিল ক্ষোভ আর অভিমান। নাফীস যেমন বলছেন,''সেই শ্রীলঙ্কা সফর থেকেই তো শুরু। দলে আছি, খেলার সুযোগ নেই। কেন?''
এরকম আরো অনেক প্রশ্ন এখনো হৃদয়টাকে রক্তাক্ত করছে নাফীসের। মাত্র তিন বছরেই বাংলাদেশের সেরা ওপেনার, অস্ট্রেলিযার বিপক্ষে টেস্ট সেঞ্চুরি, ওয়ানডেতে দেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক, সামনে পড়ে ছিল আন্তর্জাতিক অঙ্গনের বৈশ্বিক পরিচিতি। হয়তো গ্রেটনেসও পেয়ে যেতে পারতেন ছোট দলের খুব বড় এক খেলোয়াড় হয়ে। ১৫ টেস্টে ২৭.০০ গড়ে ৮১০ রান, ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরিসহ ১৮৫৭ রান, আর বয়স মাত্র ২৩! তারপরও? মোবাইল ফোনের এপাশ থেকেও দীর্ঘশ্বাসটা স্পষ্ট শোনা যায়। সেই দীর্ঘশ্বাস ভেদ করে আসে বিষন্ন কিছু শব্দ,''দেশের পক্ষে খেলতে পারবো না, ভাবতেই কেমন যেন লাগে! হ্যাঁ, অবসর নিয়েছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তার মানে এই না যে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবো না। ঘরোয়ায় খেলবো।''
তাহলে আইসিএল? না। নাফীস এখনো স্বীকার করতে রাজি নন যে আইসিএল-এর টোপেই তার এমনতর সিদ্ধান্ত,''এখনো সিদ্ধান্ত নেইনি আইসিএল-এ যোগ দেব কী না। দেখা যাক কী হয়।''
এখানে সামান্য রহস্য রেখে গেলেন নাফীস, মোবাইলটা ছাড়ার ঠিক আগে আরো একটি দীর্ঘশ্বাস।
হতাশামাখা আরও কিছু শব্দ,''ক্ষোভটা খুব জমা হয়ে গিয়েছিল। এর সঙ্গে অভিমান তো আছেই। তবে ভবিষ্যত আর সংসারের কথাও ভাবতে হবে।''
ক্ষোভ আর অভিমানের যোগফলে কী হয়? একজন শাহরিয়ার নাফীসের অনাদরে, অসময়ে এভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলে দেওয়া?
শাহরিয়ার নাফীস শেষটায় যেন জোর করে সব চেপে রেখে দোয়া চাইলেন,'' দেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে অনুরোধ, দোয়া করবেন।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০৫ঘ.
bdnews24