দুবাই, ১১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের এখন বড় দুঃসময়। টেস্ট, ওয়ানডে দু ধরনের ক্রিকেটেই সিরিজের পর সিরিজ হারতে হারতে তারা পড়ে আছে র্যাংকিংয়ের তলানির কাছাকাছি। অথচ সেই দলেরই একজন, শিবনারায়ণ চন্দরপল হয়েছেন ২০০৮ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার। বুধবার রাতে দুবাইতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ক্রিকেটের অস্কার হিসাবে পরিচিত স্যার গারফিল্ড সোবার্স ট্রফিটা পেয়েছেন সোবার্সের দলের এই বাঁহাতি ব্যাটসম্যান।
২০০৭এর ৯ আগস্ট থেকে এ বছরের ১২ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের বিচারে চন্দরপলের ধারে-কাছেই কেউ ছিলেন না আসলে। এই সময়ে মাত্র আট টেস্টে ৯১ গড়ে তিনটি সেঞ্চুরি ও ছয়টি ফিফটিসহ ৮১৯ রান করেছেন তিনি। বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত চন্দরপলের মন্তব্য, "আজ রাতে এই সম্মানজনক পুরস্কার পেয়ে আমি দারুণ সম্মানিত বোধ করছি। ঈশ্বর আমাকে যে প্রতিভা দিয়েছেন সেজন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। আমি আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমার স্ত্রী এমিকে। বছরের পর বছর ধরে তারা আমাকে সমর্থন দিয়েছে।"
সব মিলিয়ে সেরা হওয়ার লড়াইয়ে চন্দরপলের কাছে হেরে গেলেও ডেল স্টেইন একটা জায়গায় তাকে হারিয়ে দিয়েছেন
bdnews24