আসুনসিওন, ১০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- শোয়েব আখতার মাঠে ফিরেছেন, সাফল্যকে সঙ্গী করেই। মঙ্গলবার কাউন্টি ক্রিকেটে সারের পক্ষে বহু প্রতিক্ষিত অভিষেকের আগেই আরেকটা সুখবরও পেয়েছেন পাকিস্তানের এই পেসার। তার আবেদনে সাড়া দিয়ে লাহোরের হাইকোর্ট পিসিবির সঙ্গে তার মামলার শুনানি পিছিয়ে দিয়েছে সাময়িকভাবে।
মঙ্গলবার ইংলিশ কাউন্টি ক্রিকেটের চারটি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে শুরু হতে পেরেছে কেবল একটাই ম্যাচ। সৌভাগ্যক্রমে সেটা শোয়েবের দল সারের সঙ্গে হ্যাম্পশায়ারের। বল হাতে নিয়ে শোয়েব একটা উইকেটও পেয়েছেন, ওপেনার মাইকেল ক্যারবেরিকে উইকেটকিপার জন বেটির ক্যাচ বানিয়ে। ওই সময়ে ৬০ রানে দুই উইকেট হারানো হ্যাম্পশায়ার আর কোনো উইকেট না হারিয়ে ১১৬ পর্যন্ত যেতে পেরেছে, তার পরেই নেমেছে বৃষ্টি।
এর আগে মঙ্গলবারই লাহোরের হাইকোর্টে শোয়েবের মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পিসিবি তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করলে ওই সিদ্ধান্ত বাতিলের দাবিতে মামলাটি করেছিলেন তিনি। নিম্ন আদালত ওই নিষেধাজ্ঞা কমিয়ে ১৮ মাসে নামিয়ে এনেছে, সে সঙ্গে তাকে জরিমানা করেছে ৭০ লাখ রুপি। কিন্তু শোয়েব চান এই শাস্তিও বাতিল হোক। সেই আবেদন নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
মঙ্গলবার শোয়েবের অনুপস্থিতিতে তার আইনজীবীদের আবেদনে শুনানি পেছানো হলেও নতুন তারিখ এখনো জানায়নি আদালত। পিসিবির আইন উপদেষ্টা তাফাজুল রিজভি সাংবাদিকদের জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই জানানো হবে এই নতুন তারিখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০০৫ ঘ.
bdnews24