আসুনসিওন, ১০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- একটা মাত্র ম্যাচ, তাতে জিতলেই প্রত্যেক খেলোয়াড়ের 'মিলিওনিয়ার' হওয়া নিশ্চিত। সেই ম্যাচকে ঘিরে উন্মাদনা তো থাকবেই। আছে ইংল্যান্ডেও, সেই উন্মাদনায় চাপা পড়ে যাচ্ছে এমনকি ভারত সফরও। ইংল্যান্ডের নির্বাচকরা অবশ্য দেখাতে চাইছেন তারা ১ নভেম্বর অ্যান্টিগায় অনুষ্ঠেয় ওই ম্যাচটাকে বাড়তি কোনো গুরুত্ব দিচ্ছেন না। মঙ্গলবার ওই ম্যাচের জন্য দল ঘোষণা করতে গিয়ে তারা জানিয়ে দিয়েছেন, এই দলটাই খেলবে ভারতের বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজেও।
স্যার ভিভ রিচার্ডসের দেশ অ্যান্টিগার বিলিওনিয়ার ব্যবসায়ী স্যার অ্যালেন স্ট্যানফোর্ডের উদ্যোগে আয়োজন করা হচ্ছে কোটি টাকার এই আসর। অ্যান্টিগায় তার নিজের একটা ক্রিকেট স্টেডিয়াম আছে, সেই স্ট্যানফোর্ড অ্যারেনাতেই ১ নভেম্বর ইংল্যান্ড মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের নিয়ে গড়া 'স্ট্যানফোর্ড সুপার স্টার'দের সঙ্গে। রিচার্ডসের নেতৃত্বে একটি নির্বাচক প্যানেলের বেছে নেওয়া ১৭ জনের এই দলে আছেন শিবনারায়ন চন্দরপল, রামনরেশ সারওয়ান, ক্রিস গেইলসহ ওয়েস্ট ইন্ডিয়ান দলের প্রায় সবাই।
টোয়েন্টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচে বিজয়ী দলের প্রথম একাদশে থাকা প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হবে ১০ লাখ ডলার করে প্রাইজ মানি। আরো ১০ লাখ ডলার ভাগ করে দেওয়া হবে দলের অন্য খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে। এছাড়াও ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের জন্যও থাকছে আরো ৩০ লাখ ডলার করে গ্যারান্টি মানি।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে স্ট্যানফোর্ডের চুক্তি হয়েছে পর পর পাঁচ বছর এই আসর আয়োজনের। তবে টুর্নামেন্টটাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ারও পরিকল্পনা আছে আয়োজকদের।
মঙ্গলবার ঘোষিত ইংল্যান্ডের ওয়ানডে দলে অবশ্য তেমন কোনো চমক নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা দল থেকে বাদ পড়েছেন কেবল টিম ব্রেসনান, তার জায়গায় ফিরেছেন ইনজুরির কারণে ওই সিরিজ মিস করা রায়ান সাইডবটম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬০৫ ঘ.
bdnews24