২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানি ট্রফির দল থেকে সৌরভ বাদ

ওয়ানডে দলে ব্রাত্য হয়ে পড়েছেন, এবার কি তবে টেস্ট দল থেকেও বাদ পড়বেন সৌরভ গাঙ্গুলি? শ্রীলঙ্কা সফরের ব্যর্থতার পর সে রকমই একটা ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতের নির্বাচকরা। ইরানি ট্রফিতে রনজি চ্যাম্পিয়ন দিল্লীর বিপক্ষে খেলার জন্য সোমবার 'রেস্ট অফ ইন্ডিয়া' দল ঘোষণা করেছেন তারা। সেই দলে জায়গা হয়নি সৌরভের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 10:07 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

দুবাই, ৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ওয়ানডে দলে ব্রাত্য হয়ে পড়েছেন, এবার কি তবে টেস্ট দল থেকেও বাদ পড়বেন সৌরভ গাঙ্গুলি? শ্রীলঙ্কা সফরের ব্যর্থতার পর সে রকমই একটা ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতের নির্বাচকরা। ইরানি ট্রফিতে রনজি চ্যাম্পিয়ন দিল্লীর বিপক্ষে খেলার জন্য সোমবার 'রেস্ট অফ ইন্ডিয়া' দল ঘোষণা করেছেন তারা। সেই দলে জায়গা হয়নি সৌরভের। ভারতের টেস্ট দলের অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বে এই দলে আছেন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং আর জহির খানের মতো তারকারা। কিন্তু জায়গা হয়নি যুবরাজ সিংয়েরও। সৌরভ আর যুবরাজের সঙ্গে তরুণ রোহিত শর্মা ও সুরেশ বদ্রিনাথকেও পেছনে ফেলে মিডল অর্ডার ব্যাটসম্যানের শেষ জায়গাটিতে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ কাইফ। সৌরভ না থাকলেও এই দলে আছেন পশ্চিম বাংলার একজন খেলোয়াড়। মিডিয়াম পেসার অশোক দিন্দার মনোনয়নটা মধুর বিস্ময় হয়েই এসেছে বাংলার জন্য। নির্বাচকরা এদিনই জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের 'এ' দলের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ভারত 'এ' দলে মনোনীতদের নামও। বদ্রিনাথের নেতৃত্বে সেই দলে আছেন সদ্য শেষ হওয়া আইপিএলে ভালো খেলা এক ঝাঁক তরুণ। রেস্ট অফ ইন্ডিয়া দল : অনিল কুম্বলে (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবির, ওয়াসিম জাফর, মোহাম্মদ কাইফ, প্রজ্ঞান ওঝা, জহির খান, মুনাফ প্যাটেল, পার্থিব প্যাটেল, আরপি সিং, অশোক দিন্দা ও হরভজন সিং। ভারত 'এ' দল : সুরেশ বদ্রিনাথ (অধিনায়ক), সুরেশ রায়না, রবিন উথাপ্পা, স্বপ্নিল আসনোদকার, রোহিত শর্মা, দিনেশ কার্তিক, অভিষেক নায়ার, ইরফান পাঠান, প্রবীন কুমার, ধবল কুলকার্নি, পিয়ুশ চাওলা, রবি তেজা, ইউসুফ পাঠান, জাভেদ শাহ এবং ঋদ্ধিমান সাহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬০৫ ঘ.