ঢাকা, ৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা কেটেছে দুঃস্বপ্নের মতো। দল হিসেবে বাংলাদেশের যেমন, ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক আশরাফুলের তারচেয়েও খারাপ। এই সিরিজ শেষে আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়েও তারই প্রতিফলন। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সাত ধাপ পিছিয়ে পড়েছেন আশরাফুল, এখন তার অবস্থান ৫৯ নম্বরে।
এই সিরিজে বাংলাদেশের পক্ষে একমাত্র হাফসেঞ্চুরির মালিক তামিম ইকবালের অবশ্য উন্নতি হয়েছে, ৪২ থেকে সাত ধাপ এগিয়ে তিনি এখন ৩৫ নম্বরে। উন্নতি হয়েছে সিরিজে দারুণ বোলিং করা আব্দুর রাজ্জাক আর সাকিব আল হাসানেরও। বোলারদের র্যাংকিংয়ে ৫০ থেকে এক লাফে ৩৯ নম্বরে উঠে এসেছেন সাকিব, আর দুধাপ এগিয়ে বাংলাদেশের সেরা ওয়ানডে বোলার রাজ্জাক এখন ২৭ নম্বরে।
তবে ব্যাটিংয়ে অবনতি হয়েছে সাকিবেরও। ৪৩ থেকে তিনধাপ নেমে গেছেন তিনি, সিরিজে না খেলা শাহরিয়ার নাফিসও দুধাপ পিছিয়ে এখন ৫১ নম্বরে। সেরা ১০০তে আরো আছেন ব্যাটসম্যানদের মধ্যে আফতাব আহমেদ (৬০) আর রাকিবুল হাসান (৯৯) এবং বোলারদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা (৪২) ও সৈয়দ রাসেল (৪৩)।
রোববার প্রকাশিত আইসিসির এই সর্বশেষ র্যাংকিংয়ে সবচেয়ে বড় পরিবর্তন বোলারদের মধ্যে শীর্ষস্থান থেকে ন্যাথান ব্র্যাকেনের নেমে যাওয়া। বাংলাদেশের বিপক্ষে সিরিজের তিন ম্যাচে মাত্র দুটি উইকেট পাওয়া অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসারের 'খারাপ' পারফরম্যান্স নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে তুলে এনেছে শীর্ষস্থানে। এছাড়া এই সিরিজে সবচেয়ে বেশি ৬ উইকেট পাওয়া মিচেল জনসন স্টুয়ার্ট ব্রডকে একধাপ ঠেলে দিয়ে উঠে এসেছেন চার নম্বরে। সেরা দশে উল্লেখযোগ্য পরিবর্তন আর একটাই, অ্যান্ড্রু ফ্লিন্টফের আট নম্বরে উঠে আসা।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষস্থানে আগের মতোই আছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাওয়া মাইকেল হাসি চার নম্বর থেকে উঠে এসেছেন দুই নম্বরে। তাকে জায়গা করে দিতে এক ধাপ করে নেমে গেছেন গ্রায়েম স্মিথ আর রিকি পন্টিং। সেরা দশে পরিবর্তন বলতে আর একটাই
bdnews24